মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ ইসলাম

সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি।
এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
সাক্ষাৎকালে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও উপস্থিত এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিবারের সদস্যরা জানান, মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করতে তার ভগ্নিপতি ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।
এ সময় মরহুমের তিন শিশুসন্তানের খোঁজ নেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি। মুফতি নাসরুল্লাহর সঙ্গে নিজের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘নাসরুল্লাহ ভাই লালবাগ মাদ্রাসায় পড়াকালীন আমার চার ব্যাচ সিনিয়র ছিলেন। যখনই দেখা হতো, হাসিমুখে কথা বলতেন। লালবাগ শাহী মসজিদের বারান্দায় তাকে দীর্ঘ সময় মুতালা (পড়াশোনা) করতে দেখতাম। কখনো ফজরের নামাজের পর উঠে দেখেছি, তিনি সারা রাত কিতাব নিয়ে বসে আছেন।’
এ সময় মরহুম মুফতি নাসরুল্লাহ বদরের রুহের মাগফিরাত কামনা করা হয়।



