জনস্বার্থবিরোধী কাজে অহিংস প্রতিবাদ করবে জামায়াত

জামায়াতে ইসলামী সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করার পাশাপাশি জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বললেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়াকে কেন্দ্র করে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ অব্যাহত রাখবে জামায়াত। তবে কর্মসূচিগুলো হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল।
গতকাল বুধবার রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত আমির। প্রায় দুই ঘণ্টার বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি, জনদুর্ভোগ, গণমাধ্যমের স্বাধীনতা, বেতন কাঠামোসহ বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়। শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, দলীয়করণসহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানালেন গোলাম পরওয়ার।
মতবিনিময় সভায় অংশ নেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক, সময় টিভির সিইও জোবায়ের আহমেদ বাবু, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এটিএন বাংলার হেড অব নিউজ মতিউর রহমান, এটিএন নিউজের সিইও শহিদুল আজম, চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস খান, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মেরাজ প্রমুখ।





