সাংবাদিকদের হাবিবা চৌধুরী
আগামীতে স্থানীয় নির্বাচনের মতো সংসদেও লড়বে জামায়াতের নারীরা

‘আমরা লোকাল ইলেকশনে নারী প্রার্থী দিচ্ছি, এটা কিন্তু প্রমাণিত। পরবর্তীতে নারীরাও জামায়াতে ইসলামীর ভালো পদে আসবেন। পরবর্তী সময়ে নারীরা সংসদ ভোটে সরাসরি লড়াই করবেন বলে জানিয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সদস্য হাবিবা চৌধুরী সুইট।
‘আমরা লোকাল ইলেকশনে নারী প্রার্থী দিচ্ছি, এটা কিন্তু প্রমাণিত। পরবর্তীতে নারীরাও জামায়াতে ইসলামীর ভালো পদে আসবেন। পরবর্তী সময়ে নারীরা সংসদ ভোটে সরাসরি লড়াই করবেন বলে জানিয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সদস্য হাবিবা চৌধুরী সুইট।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাবিবা চৌধুরী সুইট বলেন, ‘এই প্রথম জামায়াতের মহিলা উইং থেকে আমরা নির্বাচন কমিশনে এসেছি। সারা বাংলাদেশে আমাদের মা-বোনদের ওপর যে হামলা হয়েছে সে বিষয়ে কথা বলেছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। স্মারকলিপি জমা দিয়েছি। বাংলাদেশে ৫০ শতাংশ নারী। সুষ্ঠু একটা পরিবেশে ভোট দিতে চাই। এই বোনদের প্রতিহত করতে গভীর ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে।’
তার আগে নারীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর নারী শাখার একটি প্রতিনিধিদল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ধর্মভিত্তিক দলটির নারী নেত্রীরা প্রকাশ্যে এ বৈঠক করে। এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে নারীদের ওপরে হামলার ডকুমেন্টস এবং ভিডিও ইসিতে জমা দেন তারা।
বৈঠকে অংশ নেন—জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী শাখার সদস্য মারজিয়া বেগম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট।
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জামায়াতের নারী নেত্রীরা বলেন, ভোটের প্রচারে গিয়ে দলটির নারী সদস্যরা আক্রমণের শিকার হন। নারী কর্মীরা যখন ভোটের প্রচারণায় যাচ্ছেন তখন একদল লোক হুমকি-ধমকি দিচ্ছে। সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন নারীরা। সাইবার সিকিউরিটি আইনে প্রস্তুতি নিয়েছি। এ ধরনের কার্যক্রম এবং দলের শীর্ষ নেতার আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ ব্যঙ্গাত্মক মন্তব্য করা হচ্ছে।
যারা এ কাজে জড়িত তাদের খোঁজ নিয়ে আইনের আওতায় আনার দাবি জানিয়ে জামায়াতের এই নারী নেত্রীরা বলেন, আমরা সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি। এটি জাতিরও প্রত্যাশা। দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একটা ইতিবাচক নির্বাচন আমাদের প্রত্যাশা।



