সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ ৬ দফা প্রস্তাব জামায়াতের

সংগৃহীত ছবি
গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের পরিবর্তে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করছে। এটি রাষ্ট্রের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য অশনিসংকেত।
আজ শনিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এসব প্রস্তাব গৃহীত হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রস্তাবগুলো জানানো হয়।
অধিবেশনে দেশের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বাস্থ্যসেবা খাতের সংকট, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, প্রবাসীদের সমস্যা এবং আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে ছয়টি বিষয়ে প্রস্তাব গ্রহণ করা হয়।
জামায়াতের প্রস্তাবে বলা হয়, সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোট একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মৌলিক রূপরেখা। এ রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একই সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
স্বাস্থ্যসেবা খাতের বিপর্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি। প্রস্তাবে বলা হয়, চলতি বছরে হাম ও ডেঙ্গুতে শিশু থেকে বয়স্ক অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। গত মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সরকারি হিসাবে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে প্রাণ গেছে ৫২৬ জনের। এ পরিস্থিতি মোকাবিলায় হামের বিস্তার রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রান্তিক পর্যায়ে টিকাদান এবং আক্রান্তদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোয় দলীয়করণ বন্ধের বিষয়েও গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় মজলিসে শূরা। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পরিচালনা এবং নিয়োগ, পদোন্নতি ও পদায়নে মেধা, যোগ্যতা, দক্ষতা ও সততাকে প্রধান মানদণ্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়।



