বিপিসি মুনাফাভিত্তিক নাকি জনসেবামূলক, স্পষ্ট করতে হবে : জেএসডি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেএসডি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মুনাফাভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান নাকি জনসেবামূলক প্রতিষ্ঠান, তা জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে অর্জিত মুনাফা জনগণের সুরক্ষায় কাজে লাগাতে হবে। দাম বাড়লেই পুরো বোঝা জনগণের ওপর চাপানো ন্যায়সংগত নয়।
শুক্রবার বিকেলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জেএসডি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে কার্যকর আলোচনা হয়নি; জনগণের সঙ্গে কোনো অর্থবহ মতবিনিময় হয়নি, এমনকি কোনো গণশুনানির ব্যবস্থাও করা হয়নি। অথচ এই সিদ্ধান্তের অর্থনৈতিক বোঝা সরাসরি বহন করতে হবে সাধারণ মানুষকে।’
তিনি বলেন, ‘জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ঘোষণা হতে পারে না। এর কারণ, হিসাব ও দায় জনগণের সামনে স্পষ্ট করতে হবে। যে সিদ্ধান্তের মূল্য জনগণ দেবে, সেই সিদ্ধান্তের ব্যাখ্যাও জনগণকে দিতে হবে।’
জেএসডির সাধারণ সম্পাদক আরও বলেন, বিপিসির অতীতের মুনাফা, অর্থের ব্যবহার এবং বর্তমান আমদানি ও পরিচালন ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশ করতে হবে। আন্তর্জাতিক বাজারের মূল্য, বিনিময় হার, পরিবহন ব্যয় এবং বিপিসির লাভ-লোকসান বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও নিয়মিত মূল্য সমন্বয় করতে হবে। মূল্যবৃদ্ধি অনিবার্য হলে এর অর্থনৈতিক ভিত্তি ও বিকল্পও জনগণের সামনে তুলে ধরতে হবে।
তার ভাষ্য, জ্বালানির মূল্য মানুষের জীবনযাত্রা ও সামগ্রিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। তাই জ্বালানি নীতিতে শুধু আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নয়, ভোক্তা, কৃষক, শ্রমজীবী, পরিবহন, শিল্প ও সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিদেরও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রাখতে হবে।
ঢাকা মহানগরের যুগ্ম সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন দলের সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, কে এম জাবির, মাইনুর রহমান, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোহাম্মদ নাসিম, নুরুল আমিন, এস এম সামছুল আলম নিক্সন, কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আজম খান, ফারহান হাবিব, এম এ আউয়াল, আবুল হোসেন মিয়া, নেক মোহাম্মদ, মো. তোফাজ্জল হোসেন, শাহানা সুলতানা ও ইলোরা খাতুন সোমা।




