সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ফাইল ছবি
শাহবাগ থানায় গতকাল রাতে ছাত্রদলের হাতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির।
আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন তিনি।
ফেসবুকে নাসির লিখেছেন, ‘গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন।’
তিনি স্পষ্ট করেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী।’
ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হয়, সে আশাও তিনি প্রকাশ করেছেন।






