বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তি ও মৃত্যুর তদন্ত চায় সিপিবি

ছবি: আগামীর সময়
বিদেশে বাংলাদেশিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা, কারাবন্দিদের মুক্তির জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়া এবং প্রবাসীদের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগ জানিয়ে এসব দাবি তুলে ধরেছে দলটি।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সমাবেশে বিদেশে আটক বাংলাদেশিদের আইনি সহায়তা, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং সংঘাতপূর্ণ অঞ্চলে জোরপূর্বক সামরিক কাজে নিয়োজিত বাংলাদেশিদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেছেন, সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীর উদ্বেগজনক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও রায়ের বিস্তারিত তথ্য বাংলাদেশের সরকারের কাছে থাকা প্রয়োজন ছিল। অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে তারা কিছুই জানত না।
আবদুল্লাহ ক্বাফী অভিযোগ করেন, বিদেশে বাংলাদেশি নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সরকারের কার্যকর ভূমিকা দেখা যায়নি। নাগরিকদের জীবন রক্ষায় উদ্যোগের অভাব এবং মৃত্যুর পর তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য সরকারের উদাসীনতার পরিচয় দেয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তাদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায়িত্ব রাষ্ট্র এড়াতে পারে না। বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার সুরক্ষায় কার্যকর কূটনৈতিক উদ্যোগ, আইনি সহায়তা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
‘বিশ্বের বিভিন্ন দেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্ত করতে সরকারকে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। ইউক্রেনসহ সংঘাতপূর্ণ অঞ্চলে জোরপূর্বক সামরিক কাজে নিয়োজিত বাংলাদেশিদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও জরুরি’-যোগ করেন তিনি।
বিক্ষোভ সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না বিদেশে আটক বাংলাদেশিদের তালিকা তৈরির দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রীয় খরচে আইনি সহায়তা, নিয়মিত কারাগার পরিদর্শন এবং বন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ারও দাবি জানান এই নেতা।
দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার বলেন, সরকারের অবহেলার প্রতিবাদে প্রবাসী শ্রমিকেরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিলে তা হবে আইনি সহায়তা থেকে বঞ্চিত বন্দি এবং নিজ দেশের সরকারের কাছ থেকে অবহেলার শিকার প্রবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।
সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



