দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার নির্দেশ বিএনপির
- সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় খেয়াল রাখার নির্দেশ

গ্রাফিকস: আগামীর সময়
শারদীয় দুর্গাপূজা ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে জন্য সারা দেশে পূজামণ্ডপের কমিটির সঙ্গে সমন্বয় করে তাদের পাশে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি দলের সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখতে বলা হয়েছে।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক সূত্র। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
বৈঠক সূত্র বলছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা অন্য কোনো মহল দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকতে বলা হয়েছে।
এরই মধ্যে দলের তৃণমূল নেতাদের পাঁচ দফা নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। নির্দেশনা অনুযায়ী, জেলা সদর, মহানগর এবং উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। এসব দলে পূজা উদযাপন কমিটির সদস্যদের পাশাপাশি থাকবেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের সমন্বয়ে দিনরাত পাহারার ব্যবস্থা করা হবে। এ কার্যক্রমে নিজ নিজ বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকেরা।
সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করতে গত শুক্রবার কেন্দ্রীয়ভাবে ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটিও গঠন করেছে বিএনপি। কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে। সদস্যসচিব হয়েছেন আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বিএনপি। এ লক্ষ্যে সব পক্ষের সঙ্গে সমন্বয় করে একক প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নিয়েছে দলটি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, তৃণমূলের নেতারা বেশ আগে থেকেই এ প্রক্রিয়ায় কাজ করছেন।
একই সঙ্গে গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তৃণমূলে তৈরি হওয়া বিরোধ মেটাতে চায় বিএনপি। এ লক্ষ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছিল। এ ছাড়া বিভাগভিত্তিক জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক সাংগঠনিক বৈঠকেও এ বিষয়ে নির্দেশনা দিয়ে আসছেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
এদিকে রবিবার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সভা ডেকেছেন বলে জানা গেছে দলীয় সূত্রে।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সভায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
সাধারণত সংসদের অধিবেশন শুরুর দু-এক দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই সভা ডাকা হয়েছে। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে। এ অবস্থায় হঠাৎ ডাকা সভা থেকে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন বলে ধারণা করছেন দলটির নেতারা।




