Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

কক্সবাজার সীমান্ত

ওপারে সংঘাতে এপারের জীবন-জীবিকায় টান

শাহ আলম বিপ্লব, টেকনাফ (কক্সবাজার)
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ২৩:০৭
ওপারে সংঘাতে এপারের জীবন-জীবিকায় টান

গ্রাফিকস: আগামীর সময়

সকাল ৭টার দিকে নাতিকে বলেছিলেন, মাছ নিয়ে ফিরে আসবেন। আসার সময় নিয়ে আসবেন নাশতা। এরপর জাল নিয়ে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন গুরামিয়া (৬০)। পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেছে। আর বাড়ি ফেরেননি তিনি।

টেকনাফের সাবরাংয়ের নোয়াপাড়ার মগপাড়ার এই জেলে পরিবারের সদস্যদের ভাষ্য, বড় ছেলে মারা যাওয়ার পর তার শোকে প্রায় পাঁচ-ছয় মাস নদীতে যাননি গুরামিয়া। পরে সংসারে অভাব দেখা দিলে ফের শুরু করেন মাছ ধরা। তার আগে মাসখানেক ঘরে ঠিকমতো ভাতও জুটছিল না। মাছ খাওয়ার জন্য কান্নাকাটি করছিল নাতি। তাই মাছ নিয়ে ফেরার কথা বলে সেদিন নদীতে গিয়েছিলেন গুরামিয়া। পরে সকাল ১০টার দিকে পরিবার জানতে পারে, তাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।

গুরামিয়ার মেয়ে সামশুন নাহার বিলাপ করতে করতে বলছিলেন, ‘বাবা ছাড়া আমাদের সংসারটা অচল হয়ে গেছে। খুব কষ্টে দিন কাটছে। কখন বাবা ফিরে আসবেন, সে অপেক্ষাতেই আছি।’ পরিবারটির সদস্যদের এখন সবচেয়ে বেশি মনে পড়ে সেই সকালের কথা— নাতিকে মাছ নিয়ে ফেরার প্রতিশ্রুতি দিয়ে যাওয়া মানুষটি আর ফেরেননি।

গুরামিয়ার মতো নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরাই শুধু নন, পুরো কক্সবাজার সীমান্ত এলাকার অন্যান্য পেশার মানুষের জীবন-জীবিকায়ও পড়েছে সীমান্তের ওপারের সংঘাতের প্রভাব। হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজ সীমান্ত এলাকায় ১২ বছরের হুজাইফা আফনান সকালে খেলতে বের হয়েছিল। আগের রাত থেকেই গোলাগুলির শব্দে আতঙ্কিত ছিলেন স্থানীয় বাসিন্দারা। ভোরের দিকে শব্দ কিছুটা কমে এলে পরিস্থিতি শান্ত মনে হয়েছিল। সে ভরসাতেই ঘর থেকে বের হয়েছিল হুজাইফা। হঠাৎ আবার গোলাগুলি শুরু হয়। সীমান্তের ওপার থেকে আসা একটি গুলি মুখের পাশ দিয়ে ঢুকে মাথায় আঘাত করে। ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর ৭ ফেব্রুয়ারি মারা যায় সে।

হুজাইফা কোনো সংঘাতের পক্ষ ছিল না। সীমান্তের ওপারে কারা লড়ছে, কেন লড়ছে— এসব বোঝার বয়সও হয়নি তার। হুজাইফার পৃথিবী ছিল স্কুল, সহপাঠী, বাড়ির উঠান আর খেলাধুলা। সীমান্ত সংঘাতের একটি গুলি সেই পৃথিবী দিয়েছে থামিয়ে।

২০ মাসে আটক ৪৩৪ জেলে

স্থলসীমান্তের মানুষের পাশাপাশি নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেরাও ঝুঁকিতে। কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কেউ আটক হয়েছেন, কেউ মাসের পর মাস বাড়িতে ফিরতে পারেননি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের তথ্য বলছে, গত বছরের ১ জানুয়ারি থেকে এ বছরের ১৯ আগস্ট পর্যন্ত নাফ নদী থেকে ৪৩৪ জেলেকে আটকের খবর পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে মাছ ধরার অভিযোগ ছিল। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ২২২ ও রোহিঙ্গা ২১২ জন। এ সময়ে ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনো আটক রয়েছেন ৮৬ জন।

নদীতে নামলেই ধাওয়ার ভয়

স্থানীয় জেলেদের ভাষ্য, নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমান্তসংলগ্ন এলাকায় মাছ ধরতে গেলে স্পিডবোটে ধাওয়া এবং অস্ত্রের মুখে আটকের আশঙ্কা থাকে। আটকের পর নিয়ে যাওয়া হয় মংডু এলাকায়। শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া, সীতা ও আশপাশের এলাকায় আগে নিয়মিত মাছ ধরতেন স্থানীয় জেলেরা। এখন সেখানে যেতে ভয় পান অনেকেই।

শাহপরীর দ্বীপ জেটিঘাটের সভাপতি গফুর জানালেন, নিরাপত্তাহীনতার কারণে মাছ ধরার এলাকা সীমিত হয়ে যাওয়ায় জেলেদের আয়ও কমেছে। অনেকে এখন টমটম চালানোসহ যাচ্ছেন বিকল্প পেশায়।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের বোটমালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলছিলেন, রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নাফ নদীর মিয়ানমার অংশে মাছ ধরায় আরাকান আর্মি বাধা দিচ্ছে। খাদ্য সংকটের কারণে বাংলাদেশি জেলেদের নৌযান ও মালপত্র লুট করা হচ্ছে বলে অভিযোগ তার।

আরাকান আর্মির হাতে আটক হওয়ার পর ফিরে আসা একাধিক জেলের সঙ্গে কথা বলেছে আগামীর সময়। তাদেরই একজন মোহাম্মদ শফিকের ভাষ্য, সেন্টমার্টিনের পূর্বে বাংলাদেশের জলসীমায় ছয়জন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার নৌকায় ছিলেন তারা। হঠাৎই স্পিডবোটে আসা আরাকান আর্মির কয়েকজন সদস্য অস্ত্রের মুখে তাদের আটক করে নিয়ে যায় মংডুতে। তার দাবি, সেখানে প্রায় ১০ মাস আটক ছিলেন তারা। এ সময় প্রতিদিন প্রায় সাত ঘণ্টা কাজ করানো হতো। অস্বীকৃতি জানালে করা হতো মারধর। খাবার দেওয়া হতো দিনে একবেলা।

তিনি বললেন, ‘আমাদের নৌকা, মাছ ধরার জাল ও খাবার নিয়ে নেওয়া হয়েছিল। দেশে ফেরার সময় শুধু গায়ে থাকা কাপড় নিয়ে ফিরেছি।’

শুধু আটক নয়, রয়েছে গুলির ঝুঁকিও

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে শুধু আটকের ঝুঁকিই নয়, গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটছে। ২০২৪-২৬ সাল পর্যন্ত স্থানীয় জেলে ও প্রশাসনের তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হয়েছেন অন্তত সাতজন। যাদের একজন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়। ২০২৪ সালের ২২ মে সন্ধ্যায় হোয়াইক্যংয়ের খারিঙ্গাঘোনা এলাকায় নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় গুলিবিদ্ধ হন মো. হোসেন আলী (৫০)। চিকিৎসাধীন অবস্থায় ২৮ মে মৃত্যু হয় তার।

সবশেষ গত ১৪ সেপ্টেম্বর নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় গুলিবিদ্ধ হন মো. ইদ্রিস (৫৫)। স্থানীয় জেলেদের ভাষ্য, মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় তাদের ধাওয়া করা হয়। ফিরে আসার চেষ্টা করলে গুলি চালানো হয়। এতে ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে গুলি লাগে।

সংঘাতের চাপ জীবিকায়

টেকনাফ উপজেলা মৎস্য অফিসের তথ্য বলছে, উপজেলায় সরকারি তালিকায় নিবন্ধিত জেলে ১০ হাজার ৬৮৩ জন। নিবন্ধিত নৌযান ১ হাজার ৫৩২টি। এর বাইরেও রয়েছেন ২ হাজার থেকে ৩ হাজার অনিবন্ধিত জেলে। তবে টেকনাফ বোটমালিক সমিতির একাধিক নেতার দাবি, সরকারি তালিকার বাইরে অনিবন্ধিত জেলের সংখ্যা আরও বেশি। প্রায় ২০ হাজার জেলে এবং ছোট-বড় নৌযান রয়েছে ২ হাজারের মতো।

টেকনাফ উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোহাম্মদ তয়ুব বলেছেন, নিরাপত্তাহীনতার কারণে অনেকে নদীতে যেতে সাহস করছেন না। এতে জেলেদের আয় কমার পাশাপাশি নৌযান মালিকরাও ক্ষতির মুখে পড়ছেন। একজন জেলে আটক হলে শুধু তার আয় বন্ধ হয় না; তার ওপর নির্ভরশীল পরিবারও আয়হীন হয়ে পড়ে। আবার মাছ ধরার এলাকা সংকুচিত হলে একই ধরনের চাপ পড়ে পুরো জেলেপল্লিতে।

টেকনাফের উপকূলীয় মানুষের কাছে নাফ নদী শুধু সীমান্ত নদী নয়; এটি জীবিকার উৎস। প্রজন্মের পর প্রজন্ম এই নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরে সংসার চালিয়েছেন তারা। কিন্তু সীমান্তের ওপারের সংঘাত এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ বিস্তারের পর সে চিত্র বদলে গেছে। নদীতে নামার আগে এখন জেলেদের ভাবতে হয়— কোথায় গেলে নিরাপদ, কোন পথে গেলে ধাওয়া বা আটকের ঝুঁকি কম, ফিরতে পারবেন কি না।

সীমান্ত পরিস্থিতির কারণে জেলেদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানালেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। তিনি বললেন, ‘বিজিবির কাছে পাওয়া তথ্য ও সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের ভিত্তিতে জানা গেছে, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে কয়েকজন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছেন। আটক জেলেদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।’

হুজাইফা সেদিন খেলতে বের হয়েছিল। গুরামিয়া নদীতে গিয়েছিলেন নাতির জন্য মাছ আনতে। অন্য জেলেরা গিয়েছিলেন পরিবারের জন্য খাবার জোগাতে। তাদের কারও হাতে অস্ত্র ছিল না, কেউ সীমান্তের সংঘাতের পক্ষও ছিলেন না। তবু তাদের হতে হয়েছে সীমান্তের ওপারের সংঘাতের বলি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক

    মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিতে গিয়ে ইমরান খান আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক