শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার

সংগৃহীত ছবি
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা বন্ধ হয়। গত ২২ জানুয়ারি প্রচার শুরু হয়েছিল। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে তা সমাপ্ত করার বিধান রয়েছে।
নির্বাচন কমিশনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫–এর ১৮ ধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ ভোটের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে প্রচার শুরু করতে পারবেন না। একই সঙ্গে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আগেই জানিয়েছেন, ভোটের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে প্রচারণা বন্ধ হবে।
আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।
তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। ফলে ওই আসন ছাড়া বাকি ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট হবে।
এ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন।















