জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র সফল হবে না: রিজভী

ছবি: আগামীর সময়
জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হলেও জনগণই তা প্রতিহত করবে।
আজ বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।
‘বিগত সরকারের সময়ে দেশে অর্থ পাচারসহ বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ড চালানো হয়েছে। এখনো নানা উপায়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। তবে এ ধরনের পরিকল্পিত ও কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না’— যোগ করেন তিনি।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রিজভী বলছিলেন, জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় এবং সামনে এগোনোর পথ সংকুচিত হয়ে আসে, তখন বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। সেই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল।
‘একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে’, যোগ করেন তিনি।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ এবং উপউপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।




