প্যাকেজিং-অ্যাক্সেসরিজ খাত নিয়ে সংসদে কথা বলব : শফিকুর রহমান

প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। ছবি: আগামীর সময়
দেশের প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা ও জাতীয় সংসদে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে রপ্তানি আয় বাড়ানোর বিষয়েও কাজ করার কথা জানিয়েছেন তিনি।
আজ রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর প্রেসিডেন্ট আল শাহারিয়ার আহমেদসহ সংগঠনটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের সঙ্গে প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ খাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে এ খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো শোনা হয়েছে।
তিনি বললেন, মতবিনিময়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প খাতে যে প্রভাব পড়ছে, সেটিও উঠে এসেছে। ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা এখনো যথাযথভাবে পাচ্ছেন না বলে জানিয়েছেন। এসব বিষয়ে জামায়াতের আমির ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন।
বিপিএএমইএর প্রেসিডেন্ট আল শাহারিয়ার আহমেদ বলেন, বিরোধীদলীয় নেতা তাদের কাছ থেকে খাতটির সমস্যা জানার পাশাপাশি সম্ভাবনার বিষয়েও জানতে চেয়েছেন। প্রায় এক ঘণ্টা ধরে তিনি সংগঠনের নেতাদের বক্তব্য শুনেছেন। সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা এবং জাতীয় সংসদে বিষয়গুলো তুলে ধরার আশ্বাস দিয়েছেন।
তিনি জানান, প্যাকেজিং শিল্প শুধু তৈরি পোশাক খাতের মধ্যেই সীমাবদ্ধ নয়; ওষুধ, চামড়া ও অন্যান্য শিল্পেও এ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববাজারে প্যাকেজিং পণ্যের বিপুল চাহিদা থাকলেও বাংলাদেশ এখনো তার সামান্য অংশ ধরতে পারছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে নীতিগত সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।
এ সময় সংগঠনের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে তাদের আয়োজিত আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে আমন্ত্রণ জানানো হয়। আগামী ৬ থেকে ৯ জানুয়ারি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠেয় এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানানো হয়। পাশাপাশি সময়-সুযোগ হলে প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের বিভিন্ন কারখানা পরিদর্শনের আশ্বাসও দেন জামায়াত আমির।
ব্রিফিংয়ে গোলাম পরওয়ার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি মিরপুরে একটি চিকিৎসাকেন্দ্রে হামলা, আবাসিক এলাকায় গুলিবর্ষণ ও লুটপাট এবং জুলাইয়ের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, নুরুল ইসলাম বুলবুল, মোবারক হোসাইন, মতিউর রহমান আকন্দসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।



