তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির

ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে নেওয়া
তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী ফ্লাইটটি। তুরস্কে ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
আজ সকালে বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান সংগঠনটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
জামায়াত জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।
‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
এতে বাংলাদেশে চলমান সংস্কার, এর বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণ শেষে শফিকুর রহমান সৌদি আরব যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। সব কর্মসূচি শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।



