মজিবুর রহমান মঞ্জু
সরকার দেশকে কঠিন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে

আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকীয় কমিটির বিশেষ সভায় বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি— সব মিলিয়ে সরকার দেশকে কঠিন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।’
আজ সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকীয় কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মজিবুর রহমান মঞ্জু বলছিলেন, ‘দেশের ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে এখনো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। তৈরি পোশাকশিল্প ও শ্রমিক রপ্তানি খাতেও নতুন করে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, যার নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়বে। একটি বেতন কাঠামোকে কেন্দ্র করে গার্মেন্টস খাতে যে আন্দোলন শুরু হয়েছে, তা পর্যায়ক্রমে অন্যান্য পেশার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।’
তিনি আরও বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে। অন্যদিকে, অভিজ্ঞতার অভাবে বিরোধী দলও প্রত্যাশিত ও কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান রোধের প্রশ্নে সরকারি ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য প্রয়োজন।’
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেছেন, ‘বিরোধী দল যেন সংসদ ও রাজনৈতিক পরিসরে কার্যকর এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সে জন্য উপযুক্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। দেশের বর্তমান সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন।’



