গণভোটের রায় বাস্তবায়ন না হলে ঐক্য ভঙ্গুর হবে : জামায়াত আমির

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডা. শফিকুর রহমান। ছবি : আগামীর সময়
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে জাতীয় ঐক্য ভঙ্গুর হয়ে পড়বে।
আজ শনিবার সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার দিনব্যাপী অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের পর বাংলাদেশ কোন পথে এগোচ্ছে, তা এখন নতুন করে বিবেচনার দাবি রাখে। তরুণ ও যুবকদের আত্মত্যাগের বিনিময়ে জাতি একটি গৌরবময় বিপ্লবের অংশীদার হয়েছে। অথচ নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতির কাছে যে অঙ্গীকার করা হয়েছিল, সরকার গঠনের পর তার অবস্থান কীভাবে বদলে গেল, তা জনগণের সামনে পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, জুলাইয়ের অঙ্গীকারকে পাশ কাটিয়ে সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কোনো কিছুর বিনিময়েই এ বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না জামায়াত।
সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘সমস্যা আপনারা তৈরি করেছেন, আপনাদেরই সমাধান করতে হবে। গণভোটের গণরায় কোনো প্রকার কালক্ষেপণ না করে বাস্তবায়ন করুন। তা না হলে ঐক্য ভঙ্গুর হবে, স্থায়ী হবে না।’
দীর্ঘ সাড়ে ১৬ বছরের শাসনামলে জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের যাঁতাকলে জাতি পিষ্ট হয়েছে। জামায়াতের শীর্ষ ১১ নেতাকে অন্যায় বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কেউ কারাগারে অযত্ন ও বিনা চিকিৎসায় মারা গেছেন। নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চাকরি কেড়ে নেওয়া হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। দলের নিবন্ধন কেড়ে নেওয়া এবং বেআইনিভাবে নিষিদ্ধ করার ঘটনাও ঘটেছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপদ নয়। সরকারি দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে হত্যাকাণ্ডে জড়াচ্ছেন। কোথাও পাথর মেরে হত্যার ঘটনাও ঘটছে। সারা দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এমনকি স্কুলের ফটকে ও ভেতরেও মাদক বিক্রির ঘটনা ঘটছে। অস্ত্রের ঝনঝনানিতে অস্থির হয়ে উঠেছে দেশ।
তিনি আরও বলেন, একটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও মানুষের জানমালের নিরাপত্তায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা দেখা যায়নি। একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চাপে রয়েছে। নীরবে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থার কারণেই আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এসব নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই।
জামায়াত আমির বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিয়েছে। এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল। সংবিধান সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন আসবে, তাতে আদালতের হস্তক্ষেপের সুযোগ থাকবে না। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হলে আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারবে।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত আলোচনায় বসতে প্রস্তুত। তবে সেখানে কোনো দলীয় দাবি নয়, জনগণের দাবিগুলোই তুলে ধরা হবে।
পোশাকশিল্পের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, এ শিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। এ জন্য সরকার ও শিল্পমালিকদের সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসতে হবে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে, এখন তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিল্পকারখানায় নিরাপত্তা ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি বাহিনীর পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। এ ক্ষেত্রে জনগণেরও জাগ্রত ভূমিকা প্রয়োজন। সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু মানুষকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। জনগণ ও বিজিবি যৌথভাবে তা প্রতিহত করেছে। দেশ ও জাতিকে রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অন্য দেশের সঙ্গে সম্পাদিত চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, কোনো দেশের সঙ্গে চুক্তি হলে তা সংসদে তুলে ধরতে হবে। কারণ, এসব চুক্তি শুধু সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নয়, বরং জাতির ভাগ্যের সঙ্গেও জড়িত। চুক্তির মাধ্যমে কী দেওয়া হচ্ছে এবং বিনিময়ে কী পাওয়া যাচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।
তিনি বলেন, জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। দেশ গঠনের কাজে যুবসমাজকে সম্পৃক্ত করতে চায় দলটি। তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করবে। একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এর আগে এদিন সকাল ৯টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার দিনব্যাপী অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।



