জামায়াত নেত্রী সুরমা
রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে পারছে না

বুধবার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জামায়াতের মহিলা বিভাগ
রাজপথ থেকে সংসদ— নারীরা কোথাও নিরাপদ নন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা। তিনি বলেছেন, ‘রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে পারছে না। এখনো ফ্যাসিস্টরা সহিংস আচরণ করছে। তারা সংরক্ষিত নারী আসনের এমপির বাড়িতেও হামলা করছেন।’
আজ বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধসহ ৭ দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী আঁখি ও নুরুন্নাহার পলি এবং ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা।
সভাপতির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দীকা বলেন, নারীরা সমাজের কোথাও নিরাপত্তা পাচ্ছেন না। আদালত থেকেও ন্যায়বিচারবঞ্চিত তারা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিচারকের সংখ্যা অত্যন্ত কম। ফলে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পর্যাপ্ত বিচারক নিয়োগ দিতে হবে।
মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে নারীরা নির্যাতনের শিকার হওয়ার পরও আইনের আশ্রয় নিতে চান না। এজন্য বিচারপ্রার্থীদের সরকারি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি বলেন, নিরাপত্তা পাওয়ার অধিকার নারীর মৌলিক অধিকার হলেও সমাজে এটিকে এখনো অনুগ্রহ হিসেবে দেখা হয়।
মানববন্ধন থেকে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাত দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— নারী ও শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ, অভিযোগ গ্রহণে অবহেলা ও ভুক্তভোগীকে হয়রানি বন্ধ, নির্যাতনসংক্রান্ত মামলার তদন্ত ও বিচার নিরপেক্ষভাবে দ্রুত সম্পন্ন করা। পাশাপাশি অপরাধীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের বাইরে রেখে আইনের আওতায় আনা।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর বিরুদ্ধে সাইবার সহিংসতা, হুমকি ও ব্ল্যাকমেইল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।



