জাকসু ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিলেন

সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে বেশ আলোচনায় ছিলো জাকসু’র ভিপি জিতু বিএনপিতে যোগ দিচ্ছেন।
অবশেষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন।
ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে দলীয় কার্যালয়ে তাদের যোগদান উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ। সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তাদের যোগদান উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই।
এদিন আবদুর রশিদ জিতুর বিএনপিতে যোগদান ছাড়াও জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা দলটির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন- শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তারা এদিন যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
এছাড়াও ছাত্রদলে যোগদান করেছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ, শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।
আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
জিতু জুলাই আন্দোলনে প্রথম থেকে সোচ্চার ছিলেন। এমনকি গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থে যৌক্তিক সব আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তিনি। মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে জাবি ক্যাম্পাসে।
নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা বিশ্বাস করি তারা বিএনপি ও ছাত্রদলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।
গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের প্রার্থী হিসেবে জিতু ভিপি নির্বাচিত হয়েছিলেন।
এ সময় জাকসু ভিপি জিতু বলেন, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আমি জাকসু ভিপি নির্বাচিত হই। আমি স্পষ্ট করে বলেছিলাম, সেই দলগুলর সঙ্গে কাজ করব, যারা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখে। আমি বিশ্বাস করি বিএনপি এসব নীতি অনুসরণ করে।'



