নাসীরুদ্দীন পাটওয়ারী
বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা নিচ্ছে না

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদ থেকে বের হওয়ার পর ঘটে এ হামলার ঘটনা।
হামলার পর অভিযোগ নিয়ে ঝিনাইদহ সদর থানায় গিয়েও মামলা করতে পারেননি বলে জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।’ ওই পোস্টের মন্তব্যে তিনি লিখেছেন, ‘দুপুর থেকে বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে। এ যেন থানা নয়, কোনো এক অন্ধকার গুহা।’
এর কিছুক্ষণ পর আরেকটি পোস্ট দিয়েছেন তিনি। বলেছেন, ‘সন্ধ্যা ৭ থেকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান। মামলা নিতেই হবে। বিচার করতেই হবে।’
সূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।’
হামলার বিবরণ দিয়ে তিনি আরও লিখেছেন, ‘প্রথমে নিক্ষেপ করা হয় ডিম ও ইট-পাটকেল। এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে আমাদের তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং আহত হন বেশ কয়েকজন। আমাকে লক্ষ্য করেও কিলঘুসি মারা হয়। এ সময় আমাদের মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় হামলাকারীরা।’
আইনি পদক্ষেপ নেওয়ার বিষয় উল্লেখ করে নাসীরুদ্দীন পোস্টে বলেছেন, ‘ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি। মামলার প্রস্তুতি নিচ্ছি। আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল, যুবদল, বিএনপি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন নামাজ পড়ে বের হওয়ার সময় ডিম নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত হন, তবে গুরুতর নয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে আহতদের পক্ষে থেকে।





