নির্যাতনের ইতিহাস ভুলে নতুন রাজনীতি করার আহ্বান হুম্মামের

সংগৃহীত ছবি
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন,বিজয়ী হয়েছি বলে অন্যদের ওপর অত্যাচার বা নির্যাতন করার কথা ভাববেন না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিবার ও তাকে যে নির্যাতনের শিকার হতে হয়েছিল তার পেক্ষাপট তুলে ধরেন হুম্মাম কাদের চৌধুরী ।
তিনি বলেন, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা জানি এই ধরনের নির্যাতনে পরিবারের ওপর কী প্রভাব পড়ে। সে কারণেই বলছি— নতুন রাঙ্গুনিয়া ও নতুন বাংলাদেশ। তার মানে নতুন রাজনীতি।
এই সময় তিনি আরও বলেন, আমি রাজনীতি অতটা বুঝি না, কিন্তু আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি— রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়। আমরা এবার প্রমাণ করে দেব আমাদের কলিজা বড়।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি ,অতীতের কষ্ট ও বিভেদ ভুলে নতুনভাবে রাজনীতি করার আহ্বান জানান ।
নির্বাচনে বিজয় হওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে কর্মীদের উদ্দেশে হুম্মাম কাদের বলেন, এখন অনেক মেসেজ পাচ্ছি, অনেকে অভিনন্দন জানাচ্ছেন। অনেক নতুন নতুন নাম দেখা যাচ্ছে। আপনারা সবাই জানেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবার বেঈমান বা মোনাফেক নয়।
কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তারাই তার প্রকৃত পরিবার।



