শরিকদের সঙ্গে ভবিষ্যতেও একসঙ্গে পথ চলতে চায় বিএনপি

সংগৃহীত ছবি
আওয়ামী লীগবিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে ১২ দলীয় জোটসহ ৪২টি রাজনৈতিক দল সরাসরি সম্পৃক্ত ছিল। অতীতের মতো ভবিষ্যতেও শরিক দলগুলোর সঙ্গে একসঙ্গে পথ চলার প্রত্যাশা জানিয়েছে বিএনপি।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রত্যাশা ব্যক্ত করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সাক্ষাৎকালে রিজভী জানান, শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ নিয়ে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে আবারও বৈঠক করবেন তিনি।
এ সময় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন নিয়ে জোটের করণীয় বিষয়ে আলোচনা হয়। দিবসটি উপলক্ষে ১২ দলীয় জোটের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হবে বলে রিজভীকে জানানো হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রিজভীকে ধন্যবাদ জানান জোটের নেতারা। জোটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
সাক্ষাৎকালে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
১২ দলীয় জোটের পক্ষে ছিলেন জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শওকত আমীন, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এমএ বাশার, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন এবং নয়াগণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নানসহ জোটের অন্যান্য নেতা।




