নাহিদ ইসলাম ‘ডোমিনিকার’ নাগরিক, প্রার্থিতা বাতিল চেয়ে রিট

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আজ সোমবার এ রিট করা হয়।
রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। জাপা সমর্থিত প্রার্থী শামীম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো দ্বৈত নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। এ কারণে নাহিদ ইসলামের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে তা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
এর আগে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে একই অভিযোগ তুলে প্রার্থিতা বাতিলে হাইকোর্টে রিট করেছিলেন নাহিদ ইসলাম। তবে সে রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন তিনি।






