সহিংস পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহনশীলতা তুলে ধরছে না গণমাধ্যম: রিজভী

সংগৃহীত ছবি
দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার ভাষ্য, ‘প্রশাসন ও গণমাধ্যমে থাকা কিছু ব্যক্তি সরকারের ভালো কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।’
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলছিলেন, দেশের গণমাধ্যমে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে। অথচ বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ উপায়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় যে সহনশীলতা দেখাচ্ছে, তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে রিজভী বললেন, গণতন্ত্র হত্যাকারী ও হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পরও তাদের নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে হত্যা এবং রক্তপাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অপচেষ্টা করা হচ্ছে।
‘আন্তর্জাতিক গণমাধ্যমেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির পেছনে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধনের বিষয়টি উঠে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যম এ বিষয়ে প্রচার করছে,’ যোগ করলেন তিনি।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচারকে বিভ্রান্তিকর আখ্যায়িত করে রিজভী বলেন, এসব তথ্যের উৎস ও সত্যতা যাচাই করা প্রয়োজন।
‘সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে কথা বলেছে। অথচ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সব উঠে যাচ্ছে—এ ধরনের প্রচারণা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার,’ বলেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর এসব কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি মহাসমাবেশ নয়, উদ্বোধনী সমাবেশ। যেটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। আর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক হেলাল খান ও সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




