শাওন সাদেকীর হামলাকারীদের গ্রেপ্তার দাবি বিএনপির

বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী। ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার এক বিবৃতিতে সরকার ও প্রশাসনের প্রতি এ দাবি জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর সিলেটে প্রাণনাশের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা শাওন সাদেকীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তিনি বর্তমানে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। একই সঙ্গে আহত শাওন সাদেকীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
রিজভী বলেন, ‘২০২৪-এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতর লুকিয়ে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। দুষ্কৃতকারীদের দ্বারা বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর ওপর ন্যক্কারজনক হামলা এবং তাকে গুরুতর আহত করার ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদানের বিকল্প নেই। অন্যথায় তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে ভয়শূন্য পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে তারেক রহমানের সরকার বদ্ধপরিকর। সুতরাং চক্রান্তকারীরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে।’




