নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

ছবি : বিএনপির মিডিয়া সেল থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পরে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট থেকে বিজয়ী প্রার্থীরা। এবার নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পালা। এরইমধ্যে অনেকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন।
নতুন মন্ত্রিসভায় যারা—
মির্জা ফখরুল–আমীর খসরু–সালাহউদ্দিন–আব্দুল আওয়াল মিন্টু–জাহিদ হোসেন–মিনু–আসাদুজ্জামান, আফরোজা রিতা : নতুন মন্ত্রীসভায় শপথ নিতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মো. আসাদুজ্জামান, আফরোজা খানম রিতা। এরা সবাই শপথ নেওয়ার জন্য মন্ত্রীপরিষদ থেকে ফোন পেয়েছেন।
হাজি আমিনুর রশীদ ইয়াছিন : হাজি আমিনুর রশীদ ইয়াছিন মন্ত্রী হিসেব শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ : কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পাঁচবার বিজয়ী হয়েছেন।
আরিফুল হক চৌধুরী : আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
খন্দকার আবদুল মুক্তাদী : নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি’।
জহির উদ্দিন স্বপন : বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও ফোন পেয়েছেন। বিএনপির এই নেতা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
মীর শাহে আলম : বগুড়া -২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।
নুরুল হক নুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক (নুর) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
শরীফুল আলম : কিশোরগঞ্জ–৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচনী জয়ী হয়ে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
এহসানুল হক মিলন : ফোন পেয়েছেন এহসানুল হক মিলন।
শামা ওবায়েদ : ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ নতুন সরকারের মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন।
রশিদুজ্জামান মিল্লাত : রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসন থেকে বিজয়ী এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে ডান পেয়েছেন।
আমিনুল হক : প্রতিমন্ত্রী হচ্ছেন আমিনুল হক। সাবেক ফুটবলার আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করা হয়েছে। তিনি ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে হেরেছেন।
খলিলুর রহমান : অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন।
জোনায়েদ সাকি : বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক।
জাকারিয়া তাহের (সুমন) : জাকারিয়া তাহের (সুমন) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
নিতাই রায় চৌধুরী : মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মাগুরা-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন।
নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০
নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৫০। নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনা–নেওয়ার জন্য ৪৯টি গাড়ি পাঠাচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ। এর মধ্যে ২৫ পূর্ণমন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানা গেছে। এরই মধ্যে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে ফোন দিতে শুরু করেছে মন্ত্রী পরিষদ বিভাগ।
নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যারা যারা মন্ত্রী–প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
এদিকে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গতকাল সোমবার দুপুর থেকে আজ ভোর পর্যন্ত যুক্তরাজ্য, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।



