আগারগাঁওয়ে প্রাণি মেলা

ইরফান এগ্রোফার্ম নিয়ে এসেছে তুর্কী দুম্বা, দাম হাকাচ্ছেন সাত লাখ করে। ছবি: আগামীর সময়
রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ যেন পরিণত হয়েছে পশু-পাখির এক মিলনমেলায়। কোথাও বিশালদেহী ষাঁড়, কোথাও বাহারি দুম্বা ও ডরপার ভেড়া, আবার কোথাও রঙিন ম্যাকাওসহ নানা প্রজাতির পাখির সমাহার। বিচিত্র সব প্রাণীর দেখা পেতে মেলায় ভিড় জমাচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থী।
৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন নিয়ে আয়োজিত এ মেলায় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে দেশি-বিদেশি নানা জাতের পশু-পাখি। কেউ কৌতূহল নিয়ে দেখছেন বিশাল আকৃতির ষাঁড়, কেউবা মুগ্ধ হচ্ছেন বাহারি রঙের পাখির সৌন্দর্যে। বিক্রির উদ্দেশ্যে আনা প্রাণীর পাশাপাশি প্রদর্শনীর জন্যও রাখা হয়েছে বেশ কিছু পশু-পাখি।
এবারের প্রাণিসম্পদ মেলার প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা এবং এ খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে এ মেলার। পশু-পাখির বৈচিত্র্য আর দর্শনার্থীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ।

নারায়ণগঞ্জ থেকে ‘ইন্ডিয়ান জাফরাবাদ মহিষ’ নিয়ে এসেছেন আর এন এস র্যাঞ্চ। ১২ লাখ টাকায় বিক্রিও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন স্টলের মালিক

মধুমতি ইন্টিগ্রেটেড এগ্রো এজেন্সি নিয়ে এসেছে দেশি মহিষ। ডাকনাম ‘জ্যাক’। তাকে আদর করতে স্টলের সামনে দর্শকরা

গাজীপুরের ইকুরিয়া এগ্রো নিয়ে এসেছে মেলার সবচাইতে বড় আকৃতির দুই জোড়া ষাঁড়৷ দর্শকরা ভিড় করে ছবি তুলছেন

উটপাখি

আবিদের পোষা প্রাণী এনেছে বিভিন্ন প্রজাতির মুরগি, উটপাখি

ম্যাকাও হাতে ছবি তুলছেন দর্শকরা




