সম্পাদকীয়
উল্টো বাজার

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশের প্রধান খাদ্য ভাত। ধনী-গরিব, শহর-গ্রাম, শ্রমিক-কর্মচারী— সবার খাদ্যতালিকায় চালের অবস্থান অপরিহার্য। ফলে চালের বাজারে অস্থিরতা মানে শুধু একটি পণ্যের দাম বৃদ্ধি নয়; এর অর্থ কোটি কোটি মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়া এবং সাধারণ মানুষের সংসার পরিচালনায় নতুন সংকট সৃষ্টি। আমনের ভরা মৌসুমেও দেশের চালের বাজারে স্বস্তি নেই। নতুন ধান উঠছে, কৃষকের গোলা ভরছে, অথচ বাজারে চালের দাম কমার পরিবর্তে বাড়ছে। তাহলে এই নতুন ধান যাচ্ছে কোথায়? উৎপাদন ও সরবরাহের স্বাভাবিক নিয়মকে অগ্রাহ্য করে কারা চালের বাজারকে নিজেদের মুনাফার ক্ষেত্র বানিয়ে তুলছে?
গতকালের আগামীর সময়-এ ‘ধানের দেশে ভাতের টান’ শীর্ষক প্রতিবেদনটি এমন নানাবিধ প্রশ্ন সামনে এনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ধানের অন্যতম বড় ভাণ্ডার বলে খ্যাত বৃহত্তর রংপুরে গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি চালের দাম ১ থেকে ২ টাকা এবং খুচরা পর্যায়ে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। উদ্বেগের বিষয়, উত্তরাঞ্চলের মিলগেট থেকে খুচরা বাজার পর্যন্ত প্রতি কেজি চালের দামের ব্যবধান প্রায় ৬ টাকা। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুষ্টিয়ায়। এর অভিঘাত সারা দেশের বাজারকে অস্থিতিশীল করে তুলছে। এই অতিরিক্ত ব্যবধানের যৌক্তিক ব্যাখ্যা কী?
আমন ধানের ভরা মৌসুমে যদি চালের দাম না কমে, তাহলে কোন মৌসুমে কমবে? নতুন ধান বাজারে আসার পর সাধারণত সরবরাহ বাড়ে। উৎপাদক, পাইকার ও খুচরা বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হয়। ফলে দাম কমার কথা। কিন্তু দেশে যেন বাজার অর্থনীতির সেই স্বাভাবিক নিয়ম কার্যকর করার কোনো বাধ্যবাধকতা নেই। এখানে ধান উঠলেও দাম বাড়ে, ধান কমলেও দাম বাড়ে। সরবরাহ বাড়লেও ভোক্তাকে বাড়তি দাম দিতে হয়; সরবরাহে ঘাটতির অজুহাত দেখিয়েও অসৎ ব্যবসায়ীরা দাম বাড়ান। অর্থাৎ কারণ যা-ই হোক, মাশুল দিতে হয় শেষ পর্যন্ত সাধারণ মানুষকে।
এই পরিস্থিতির পেছনে মধ্যস্বত্বভোগী, অসাধু মজুদদার, ফড়িয়া এবং প্রভাবশালী মিলমালিকদের একটি অংশের ভূমিকার অভিযোগ নতুন নয়। এরা কৃষকের কাছ থেকে কম দামে ধান কেনে, বিভিন্ন পর্যায়ে তা মজুদ করে; বাজারে সরবরাহের গতি নিয়ন্ত্রণ করে এবং কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। বিশেষ করে হাতেগোনা কয়েকটি অটো রাইস মিল ও বড় মজুদদারের বিরুদ্ধে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ পুরনো। এটি শুধু ব্যবসায়িক অনিয়ম নয়; বরং কোটি মানুষের খাদ্যপণ্যের বাজার নিয়ে একধরনের নিষ্ঠুর কারসাজি; খাদ্য ও পুষ্টি নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া। বর্তমান বাজারে খাদ্য ও নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতির সঙ্গে ভরা মৌসুমে চালের দাম বাড়ায় সাধারণ আয়ের মানুষের জীবনযাপনে আরেক ধাপ নাভিশ্বাস যোগ হলো।
বাজারে একশ্রেণির টাউট-বাটপার ব্যবসায়ী রয়েছে, যাদের কাছে মানুষের খাদ্যনিরাপত্তার চেয়ে মুনাফার হিসাব বড়। তারা কৃষকের উৎপাদিত পণ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বাজারে প্রভাব বিস্তার করে থাকে। কখনো পরিবহন খরচ, কখনোবা জ্বালানি তেলের দাম, কখনো বিদ্যুৎ ও গ্যাসের ব্যয় এবং আবার প্রাকৃতিক দুর্যোগকে মূল্যবৃদ্ধির অজুহাত হিসেবে ব্যবহার করে। ব্যবসার নামে ভোক্তার পকেট কাটার এই প্রবণতা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
লাভের নামে বাজারে কৃত্রিম সংকট, মজুদদারি, যোগসাজশ করে দাম নির্ধারণ এবং সরবরাহ নিয়ন্ত্রণ করা অপরাধ। চালের বাজারকে কয়েকজন প্রভাবশালী মিলমালিক কিংবা মজুদদারের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া যায় না।
চালের বাজারে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে সরকারকে কঠোর হতে হবে। শুধু বক্তব্য, সভা, অভিযান আর আশ্বাসে মানুষের পেটের ভাতের নিশ্চয়তা আসে না। প্রয়োজন নিয়মিত বাজার তদারকি, স্বচ্ছ মজুদ ব্যবস্থা, দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ধানের দেশে ভাতের টান যেন না হয়, সেটি নিশ্চিত করতে হবে।



