স্কুল লাঞ্চে জাপানের অভিজ্ঞতা ও বাংলাদেশের শিক্ষা

গ্রাফিকস: আগামীর সময়
জাপানে স্কুলে দুপুরের খাবার বা কিউশোকু এমনই একটি রাষ্ট্রীয় উদ্যোগ, যা শুধু শিশুদের ক্ষুধা মেটানোর কর্মসূচি নয়; বরং পুষ্টি নিশ্চিতকরণ, খাদ্যাভ্যাস গঠন, সামাজিক দক্ষতা অর্জন, কৃষি ও খাদ্য উৎপাদন সম্পর্কে ধারণা তৈরি। জাপানে পড়াশোনার সময় এ ব্যবস্থাকে খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে। আমাদের দেশে স্কুল ফিডিং বা মিডডে মিল নিয়ে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের অভিজ্ঞতা আমাদের সামনে সেই ভিন্ন চিন্তার সুযোগ তৈরি করে।
ক্ষুধা নিবারণ থেকে পুষ্টি ও খাদ্যশিক্ষা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ভয়াবহ খাদ্য সংকট ও অপুষ্টির মুখোমুখি হয়। পরে আন্তর্জাতিক সহায়তা এবং রাষ্ট্রীয় উদ্যোগের সমন্বয়ে স্কুলে খাবার সরবরাহের কার্যক্রম নতুন গতি পায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জাপান বুঝতে পারে, শুধু খাবার সরবরাহ করলেই হবে না; শিশুদের খাবার সম্পর্কে জানতে হবে, পুষ্টির গুরুত্ব বুঝতে হবে এবং ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।
২০০৫ সালে জাপানে খাদ্য ও পুষ্টিশিক্ষা-সংক্রান্ত মৌলিক আইন ও স্কুলে পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগের ব্যবস্থা চালু হয়। জাপানের এ শিক্ষা দর্শনে ছয়টি বিষয় বিশেষ গুরুত্ব পায়— ১. নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণের অভ্যাস তৈরি; ২. খাদ্যাভ্যাসের সঙ্গে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক; ৩. পুষ্টির ভিত্তিতে উপযুক্ত খাবার নির্বাচন করতে শেখা; ৪. খাবার এবং খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত মানুষের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ তৈরি করা; ৫. একসঙ্গে খাবার গ্রহণের মাধ্যমে সামাজিক দক্ষতা, সহযোগিতা ও পারস্পরিক দায়িত্ববোধ অর্জন করা এবং ৬. নিজস্ব খাদ্যসংস্কৃতি ও অন্যান্য দেশের খাদ্যসংস্কৃতি সম্পর্কে জানা।
মেন্যুতে পুষ্টির বিজ্ঞান: সাধারণত একটি পূর্ণাঙ্গ খাবারে থাকে প্রধান খাদ্য, যেমন ভাত বা রুটি; প্রোটিনের উৎস হিসেবে মাছ, মাংস, ডিম বা সয়াজাতীয় খাবার। পাশাপাশি শাকসবজি ও অন্যান্য উপাদান, যা ভিটামিন ও খনিজের চাহিদা পূরণে সহায়তা করে। এর সঙ্গে জাপানের স্কুল লাঞ্চে দুধের একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। সাধারণত প্রতিদিনের খাবারের সঙ্গে এক প্যাকেট দুধ পরিবেশন করা হয়। শিশুদের ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা পূরণে এটি ভূমিকা রাখে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্থানীয় ও মৌসুমি খাবারের ব্যবহার। যে এলাকায় যে ধরনের শস্য, শাকসবজি, মাছ বা অন্যান্য কৃষিপণ্য উৎপাদিত হয়, সেগুলোকে মেন্যুতে অগ্রাধিকার দেওয়া হয়।
পরিবেশনও একটি শিক্ষা: জাপানে স্কুল লাঞ্চের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যগুলোর একটি হলো, খাবার পরিবেশনের সময় শিক্ষার্থীদের অংশগ্রহণ। তারা রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করে শ্রেণিকক্ষে নিয়ে আসে এবং সহপাঠীদের মধ্যে পরিবেশন করে। প্রতিদিন শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট দল এ দায়িত্ব পালন করে। অন্য শিক্ষার্থীরা নিজেদের জায়গা প্রস্তুত করে এবং সবাই একসঙ্গে খাবার গ্রহণ করে।
খাবার গ্রহণের আগে শিক্ষার্থীরা জাপানি রীতি অনুযায়ী ‘ইতাদাকিমাসু’ বলে। এর মধ্য দিয়ে তারা খাবারের প্রতি সম্মান প্রকাশ করে। খাবার শেষে ‘গোচিসোসামা দেশিতা’ বলে খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আমাদের দেশে স্কুল লাঞ্চের সঙ্গে কৃষি ও খাদ্য উৎপাদনকে যুক্ত করা গেলে শিশুদের মধ্যে কৃষকের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা তৈরি হবে। তারা খাদ্য উৎপাদনের পরিশ্রম বুঝতে শিখবে, খাদ্যের অপচয় কমাতে সচেতন হবে এবং কৃষিকে শুধু একটি পেশা নয়; বরং সমাজের অপরিহার্য উৎপাদনব্যবস্থা হিসেবে দেখতে শিখবে।
জাপানে স্কুল লাঞ্চে সবচেয়ে ভালো খাবারের মেন্যু নির্ধারণ পুষ্টিমান নিশ্চিত করা খাদ্য সংগ্রহ, রান্না সংরক্ষণ এবং পরিবেশনের জন্য সুস্পষ্ট দায়িত্ব বণ্টন রয়েছে
স্কুলের খাবার থেকে কৃষকের মাঠ পর্যন্ত: মেন্যু তৈরির সময় স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্যকে গুরুত্ব দেওয়া হয়। কোনো এলাকায় মৌসুমি যে শাকসবজি বা কৃষিপণ্য পাওয়া যায়, তা খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়। এতে স্কুলের খাদ্য চাহিদা স্থানীয় উৎপাদনের সঙ্গে যুক্ত হয়। কৃষি খামার, উৎপাদন ক্ষেত্র কিংবা স্থানীয় খাদ্য উৎপাদকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা হয়। শ্রেণিকক্ষে ছবি, বর্ণনা ও বিভিন্ন শিক্ষামূলক উপকরণের মাধ্যমেও বোঝানো হয় খাবার কীভাবে উৎপাদিত হয় এবং কীভাবে তা মানুষের কাছে পৌঁছায়।
জাপানে স্কুল লাঞ্চে সবচেয়ে ভালো খাবারের মেন্যু নির্ধারণ, পুষ্টিমান নিশ্চিত করা, খাদ্য সংগ্রহ, রান্না, সংরক্ষণ এবং পরিবেশনের জন্য সুস্পষ্ট দায়িত্ব বণ্টন রয়েছে। পুষ্টিবিষয়ক বিশেষজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করে। স্কুলের নিজস্ব রান্নাঘর, কেন্দ্রীয় স্কুল লাঞ্চ সেন্টার অথবা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে খাবার প্রস্তুত ও সরবরাহ করা হয়। এ ব্যবস্থায় কোনো একজন ব্যক্তি নিজের ইচ্ছামতো মেন্যু নির্ধারণ করেন না। স্থানীয় খাদ্যপ্রাপ্যতা, শিক্ষার্থীদের বয়স, পুষ্টির জাতীয় মানদণ্ড, বাজেট এবং খাবারের গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
রাষ্ট্রের দায়িত্ব ও টেকসই ব্যবস্থাপনা: জাপানে সাধারণভাবে স্কুল লাঞ্চের ব্যয় স্থানীয় সরকার এবং শিক্ষার্থীদের অভিভাবকরা যৌথভাবে বহন করেন। রান্নাঘর ও অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন এবং অন্যান্য পরিচালন ব্যয়ের বড় অংশ স্থানীয় কর্তৃপক্ষ বহন করে। অন্যদিকে খাবার তৈরির উপকরণের ব্যয় সাধারণত অভিভাবকদের কাছ থেকে নেওয়া হয়।
খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত বাজেট সমন্বয়, স্থানীয় কৃষিপণ্যের ব্যবহার, কৃষক সমবায়ের মাধ্যমে সরাসরি সংগ্রহ, মৌসুমি খাদ্যতালিকা, কেন্দ্রীয় ক্রয়ব্যবস্থার দক্ষতা এবং খাদ্য অপচয় কমানোর মতো পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, স্কুল লাঞ্চের জন্য অর্থ বরাদ্দকে সাময়িক প্রকল্প ব্যয় হিসেবে না দেখে শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করা।
বাংলাদেশে কতটা প্রাসঙ্গিক: স্কুল ফিডিংকে একটি জাতীয় নীতির আওতায় এনে জাতীয় পুষ্টিমান ও বয়সভিত্তিক খাদ্যতালিকা নির্ধারণ করতে হবে। পুষ্টিবিদ ও প্রশিক্ষিত শিক্ষককে এতে যুক্ত করতে হবে। স্থানীয় কৃষির সঙ্গে স্কুলের খাদ্য সরবরাহের সংযোগ তৈরি করা প্রয়োজন। খাদ্যশিক্ষাকে পাঠ্যক্রম ও দৈনন্দিন স্কুলজীবনের অংশ করতে হবে। কৃষক ও খাদ্য উৎপাদনের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে কৃষিবিষয়ক পাঠ, কৃষকের সঙ্গে পরিচিতি, কৃষি খামার পরিদর্শনের ব্যবস্থা থাকা দরকার। স্কুল ফিডিংয়ের জন্য জাতীয় বাজেটে নির্দিষ্ট বরাদ্দ থাকা প্রয়োজন। একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে সর্বজনীন কর্মসূচির দিকে এগোতে হবে।
লেখক: সরকারি কর্মকর্তা ও লেখক



