নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার জরুরি

গণপরিবহনে নিত্যদিনের যাতায়াতে নারীদের অবর্ণনীয় ভোগান্তির কথা কারও অজানা নয়। দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে একটি চমৎকার উদ্যোগ হিসেবে পথে নেমেছে সরকারের ‘নারীবান্ধব বাস’। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছে দারুণ এক স্বস্তির জায়গা। কিন্তু পরিতাপের বিষয় হলো, অত্যন্ত ইতিবাচক এই উদ্যোগকেও সমাজের অনেকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা চায়ের আড্ডায় নারীবান্ধব বাস নিয়ে অনেকেই অকারণে উপহাস বা ব্যঙ্গবিদ্রূপ করছেন। এই অযৌক্তিক আচরণ শুধু নারীদের প্রতি সমাজের একাংশের অসম্মানকেই প্রকাশ করে না; বরং একটি প্রশংসনীয় সামাজিক উদ্যোগকেও বাধাগ্রস্ত করে।
এমন একটি জরুরি ও সময়োপযোগী সেবাকে সাধুবাদ জানানোর বদলে এ ধরনের নেতিবাচক মানসিকতা সত্যিই হতাশাজনক। তাই দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এখনই। সমাজের প্রত্যেক নারীর নিরাপদ যাত্রার অধিকারকে সম্মান জানাতে হবে সবাইকে। নারীবান্ধব বাস নিয়ে এই অর্থহীন কটাক্ষ রোধ করা জরুরি। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লেখক: শিক্ষার্থী, হাবীবুল্লাহ্ বাহার কলেজ, ঢাকা







