নিউ ইয়র্কে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ১৫ আগস্টের সভা পণ্ড

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। সংঘর্ষের সময় ঘটনাস্থল ছেড়ে যান আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউ ইয়র্কের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস এভিনিউয়ে ‘আমরা মুজিব’ কার্যালয়ের সামনে ১৫ আগস্ট উপলক্ষে সভা করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি শামীম ওসমান। তিনি যাচ্ছিলেন অনুষ্ঠানে যোগ দিতে। রাত ৯টার দিকে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন শেষে চার্চ ম্যাকডোনাল্ডস এলাকায় আসছিলেন। তখন সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় বিএনপির যুক্তরাষ্ট্র শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুলের নেতৃত্বে বিএনপির কর্মীরাও স্লোগান দেওয়া শুরু করেন। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দূর থেকে শামীম ওসমান এ দৃশ্য দেখে দ্রুত চলে যান। স্থানীয় লোকজন ৯১১-এ কল করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষের ব্যাপারে জানতে চাইলে বিএনপি নেতা মোস্তফা কামাল বলেছেন, ‘শামীম ওসমান ওই এলাকায় ছিলেন। অবস্থা বেগতিক দেখে তিনি চলে গেছেন। আমাদের কর্মীদের সামনে পড়লে অঘটন ঘটতে পারতো।’






