টোকিওতে বাংলাদেশি পণ্যের সম্ভাবনা তুলে ধরল ৩০ প্রতিষ্ঠান

জাপানের টোকিও বিগ সাইটে শুরু হওয়া ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও (অটাম) ২০২৬’-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। বুধবার (৭ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্যাভিলিয়নের উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত বাংলাদেশি পণ্যের উচ্চমানের প্রশংসা করেন।
এ সময় রাষ্ট্রদূত অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এবারের মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর অধীনে ২৫টি বাংলাদেশি কোম্পানি ২৭টি বুথে অংশ নিয়েছে। এর পাশাপাশি আরও পাঁচটি স্বনামধন্য বাংলাদেশি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে।
মেলার উদ্বোধন শেষে বিগ সাইটের এক্সহিবিশন হলে ’বাংলাদেশ: সোর্সিং এক্সেলেন্স ফর অ্যাপারেল, হোম ট্রেক্সটাইল এন্ড লেদার প্রডাক্টস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ী, ক্রেতা ও বিনিয়োগকারীরা অংশ নেন।
সেমিনারে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বলেন, বাংলাদেশ এখন শুধু একটি উৎপাদনকারী দেশ নয়; জাপানি ব্যবসার জন্য একটি নির্ভরযোগ্য সোর্সিং ও বিনিয়োগ অংশীদার হিসেবেও নিজেদের অবস্থান তৈরি করেছে। তৈরি পোশাকের পাশাপাশি হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, ফার্মাসিউটিক্যালস এবং তথ্যপ্রযুক্তি ও আইটিইএস খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
সেমিনারে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো বাংলাদেশের তৈরি পোশাক, হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের মানের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী মূল্যের বিষয়টিও তুলে ধরেন।
ইউজি আন্দো বলেন, বিশ্ববাজারে মানসম্পন্ন পণ্য সরবরাহের সক্ষমতার কারণে বাংলাদেশ জাপানি ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ সোর্সিং গন্তব্য হিসেবে ক্রমেই গুরুত্ব পাচ্ছে।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণকে জাপানের বাজারে দেশীয় পণ্যের পরিচিতি বাড়ানো, নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়া এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।



