দক্ষিণ কোরিয়ায় এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে—ছবি : আগামীর সময়
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার গিম্পো আঞ্চলিক আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গিম্পো সিটির টংজিন-ইউপ এলাকায় বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় অংশ নেন প্রবাসীরা।
সভায় রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় রেমিট্যান্সযোদ্ধাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের সেবার মান বৃদ্ধি এবং কোরিয়ায় কর্মরত প্রবাসীদের আইনি সহায়তা ও নিরাপত্তা জোরদার করার দাবিও জানালেন তারা। এ ছাড়া জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত গণআন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।
সভায় কেন্দ্রীয় কমিটির পক্ষে বক্তব্য দেন আহ্বায়ক আরিফুর রহমান, সদস্য সচিব বাবুল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাব্বির মাহমুদ, যুগ্ম সদস্য সচিব জুনায়েদ জুয়েল, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান এবং সদস্য মোহাম্মদ ইয়াসিন ও মিনহাজ মুরাদ।
গিম্পো আঞ্চলিক কমিটির পক্ষে বক্তব্য দেন আহ্বায়ক মাসুম আব্দুল্লাহ আল, যুগ্ম আহ্বায়ক তৌহিদ ইসলাম ও শামীমা শামীম আক্তার, সদস্য সচিব সোহেল রানা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইশতিয়াক আহমেদ সোহাগ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান ও আব্দুল হামিদ, মুখ্য সংগঠক শামীম ইসলাম এবং সংগঠক সাইফুল ইসলাম ও শাহীনুর ইসলাম।
সভা শেষে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



