ফ্রান্স বিএনপিতে বিভক্তি

গ্রাফিকস: আগামীর সময়
দীর্ঘ সময় পর রাষ্ট্রক্ষমতায় আসার পরপরই দলীয় কোন্দল, গ্রুপিং ও লবিংয়ে জড়িয়ে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফ্রান্সের নেতাকর্মীরা। অভ্যন্তরীণ এই বিরোধের কারণে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রবাসে সাংগঠনিক ঐক্য নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।
গত ২৩ নভেম্বর প্যারিসের অ্যারোঁদিসমঁর সিটি হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে ফ্রান্স বিএনপির অভ্যন্তরীণ বিরোধ। আমন্ত্রণপত্র বিতরণে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন দলটির একটি অংশের নেতাকর্মীরা।
অনুষ্ঠান বর্জনকারী নেতাদের অভিযোগ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এখনো ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে চলেছেন। এ কারণে দূতাবাসের কার্যক্রম নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। জানা গেছে, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের এই অংশের নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে অনুষ্ঠানে ফ্রান্স যুবদলের নেতাদের আমন্ত্রণ জানানো নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পক্ষের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও মতবিরোধ প্রকাশ্যে এসেছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ ধারণক্ষমতা ছিল ২০০ জন। সূত্রটির দাবি, এম এ তাহের একাই প্রায় ১৯৮ জনের একটি অতিথি তালিকা দূতাবাসে জমা দিয়েছিলেন। নির্ধারিত আসনসংখ্যার সীমাবদ্ধতার কারণে ওই তালিকা সম্পূর্ণভাবে গ্রহণ করা দূতাবাসের পক্ষে সম্ভব ছিল না। এ ছাড়া নিজ দলের গুরুত্বপূর্ণ কয়েকজন সাবেক নেতার নাম অতিথি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য দূতাবাসকে তিনি অনুরোধ করেছিলেন বলে সূত্রটি জানিয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তা এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন এম এ তাহের। তিনি লেখেন, ‘স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেওয়ার মানসিকতা আমি রাখতে পারি না। তাই আজকের অনুষ্ঠান আমি বর্জন করছি।’ যদিও এর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
পরে এ বিষয়ে জানতে চাইলে এম এ তাহের বলেন, দীর্ঘদিন ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে প্রবাসে বিএনপির রাজনীতি সংগঠিত করার পরও কয়েকটি কারণে তাকে সশস্ত্র বাহিনী দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠান বর্জন করতে হয়েছে। তার অভিযোগ, অনৈতিক ও অস্বচ্ছ প্রক্রিয়ায় দূতাবাসের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া দূতাবাসের একজন কর্মকর্তা দলের এক নেতাকে অন্য নেতার বিরুদ্ধে খেপিয়ে তুলে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছেন। ওই কর্মকর্তার বিরুদ্ধে ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও করেন তিনি।
এসব বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন বলে জানান তাহের।
অভিযোগের বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান ঘিরে জাতীয়তাবাদী যুবদলের ফ্রান্স শাখার নেতাকর্মীদের আমন্ত্রণ নিয়েও জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকও অনুষ্ঠানে যাননি।
যুবদল নেতা আহমেদ মালেকের দাবি, আমন্ত্রিত অতিথিদের তালিকা থেকে যুবদলের নেতাকর্মীদের নাম বাদ দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘ফ্রান্স বিএনপির একজন নেতার অবৈধ হস্তক্ষেপে যুবদলের সবার নাম অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল বলে আমরা দূতাবাস থেকে জানতে পারি। এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের নেতাদের জানানো হয়েছে। পরবর্তী সময়ে দূতাবাস যুবদলের নেতাকর্মীদের আমন্ত্রণপত্র দিতে রাজি হলেও শেষ মুহূর্তে প্রস্তুতির অভাবে আমাদের পক্ষে অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে দূতাবাস আন্তরিক ছিল।’
অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম। দলে বিভক্তির অভিযোগ নাকচ করে তিনি জানান, এবার বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি তারা ঐক্যবদ্ধভাবে পালন করেছেন। ফ্রান্স বিএনপিতে কোনো বিভক্তি আছে বলে তার জানা নেই।
অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ। তবে তিনি জানান, দলে বিভক্তি তেমন নেই।
অনুষ্ঠানে না যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি জানালেন, আমন্ত্রণপত্র পেলেও জরুরি পারিবারিক ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
তবে ফ্রান্স বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি আগের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি করেছেন অনুষ্ঠানে উপস্থিত দলটির সাবেক সহসভাপতি মাহবুব আলম রাঙা। তার মতে, শেষ মুহূর্তে সবার সঙ্গে আলোচনা না করেই দলটির একটি পক্ষ অনুষ্ঠানে অংশ নেয়নি।
ফ্রান্স বিএনপির নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দূতাবাসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে দলটির বিভিন্ন পক্ষের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশ নেন কি না, সেটিই এখন দেখার বিষয়।



