যুক্তরাষ্ট্রে সংবর্ধনায় আবু সুফিয়ান
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রবাসীদের ভূমিকা অপরিসীম

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তার ভাষ্য, বিদেশে অবস্থান করেও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা এবং শেখ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবাসীদের নানা কার্যক্রম আন্দোলনকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাষ্ট্র আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, ‘চব্বিশের জুলাই আন্দোলনের তীব্রতার সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন দেশজুড়ে ইন্টারনেট ও সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছিল, ঠিক তখন প্রবাসীরাই বিদেশ থেকে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং আন্দোলন সমন্বয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। নতুন গণতান্ত্রিক পরিবেশে দেশ পুনর্গঠনে প্রবাসীরা এগিয়ে আসবেন এবং গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। সংগঠনের সাধারণ সম্পাদক বদিউল আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অ্যাডভোকেট কাজী খায়রুল বাশার, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি শামসুল ইসলাম মজনু, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দুল হক, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও সাবেক ছাত্রনেতা তারিক চৌধুরী দিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ আজমির, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্যসচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী ও স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ রহমান।
পরে নৈশভোজের মধ্য দিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভার সমাপ্তি হয়।







