বিআইসিএমে ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত

ছবি: আগামীর সময়
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা-২০২৫-২৬ বাস্তবায়নের অংশ হিসেবে এক ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
চলতি অর্থবছরে বিআইসিএমের বাস্তবায়িত দুটি উদ্ভাবনী ধারণা এ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়। এর মধ্যে প্রাতিষ্ঠানিক কর্মপ্রক্রিয়া সহজীকরণ ও ডিজিটাল সেবায় বিশেষ অবদানের জন্য ‘ই-সার্টিফিকেট নাম্বারিং অ্যান্ড ইস্যুয়েন্স’ ধারণাটি শ্রেষ্ঠ উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয়েছে।
বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উদ্ভাবনী ধারণাগুলোর মূল উপস্থাপনা পেশ করেন ইনস্টিটিউটের প্রভাষক ফাইমা আক্তার ও প্রভাষক গৌরব রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শ্রাবনীকা চাকমা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইসিএমের ইনোভেশন অফিসার এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন। এ ছাড়া ইনস্টিটিউটের ইনোভেশন কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।




