সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা মূল্যায়নে কোর কমিটি পুনর্গঠন

গ্রাফিক্স: আগামীর সময়
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে কোর কমিটি পুনর্গঠন করেছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), ডিজিএফআই, বিজিবি, আনসার ও ভিডিপি, এনএসআই, এনটিএমসি, র্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, ডিএমপি কমিশনারসহ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধানরা।
এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) পদমর্যাদার একজন কর্মকর্তা।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অবহিত করবে এ কমিটি। পাশাপাশি জাতীয় ও রাষ্ট্রীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন; অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বাহ্যিক নিরাপত্তা বিষয়গুলোও মূল্যায়ন; রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে এই কমিটি।
এ ছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তাকে সভায় আহ্বান করতে পারবে কোর কমিটি। একই সঙ্গে সভার সিদ্ধান্ত ও সুপারিশগুলো লিখিতভাবে সংরক্ষণ এবং সংশ্লিষ্টদের অবহিত করা; কমিটির সব কার্যক্রম, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখা এবং তা প্রকাশ না করার কথা উল্লেখ রয়েছে কার্যপরিধিতে।






