প্রবাসীদের নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে সহযোগিতায় একমত বাংলাদেশ-ইউএই

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে পুলিশ ও নিরাপত্তা সংস্থার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে দুই দেশ যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইজিপি আন্তঃদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



