কোথায় ভোট দেবেন শীর্ষ নেতারা

সংগৃহীত ছবি
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল সাড়ে ৭টায় ভোটকক্ষের দরজা খোলার পর থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে ভোটের মাঠে থাকা রাজনৈতিক নেতা ও প্রার্থীরাও নিজেদের ভোট দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। কে কোন কেন্দ্রে ভোট দেবেন, তার একটি চিত্র ইতোমধ্যে পরিষ্কার হয়েছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটের দিন সকালে স্ত্রী ও কন্যাকে নিয়ে কেন্দ্রে যাবেন। তিনি ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে গুলশানে তার কার্যালয়ের পাশের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তারেক রহমান সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে ভোট দেন। তখন তার কেন্দ্র ছিল আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বাসস্থানের ঠিকানা পরিবর্তনের কারণে এবার তিনি গুলশানের কেন্দ্রে ভোট দেবেন। ঠিক কোন সময়ে তিনি ভোট দেবেন, তা এখনো নির্ধারিত হয়নি।
ঢাকা-৮ আসনের আলোচিত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সকালেই তিনি কেন্দ্রে যাবেন বলে জানা গেছে। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস থাকতে পারেন।
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন।
গয়েশ্বর চন্দ্র রায় কেরাণীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আব্দুল মঈন খান নরসিংদীর পলাশের চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইসহাক সরকারি গার্লস স্কুলে, হাফিজ উদ্দিন আহমেদ ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে সময় এখনো নির্ধারিত হয়নি।
ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী খালেদুজ্জামান গুলশানের একটি কেন্দ্রে ভোট দেবেন। দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কোথায় ভোট দেবেন, তা জানা যায়নি। দলটির আরেক নেতা আখতার হোসেন রংপুরে নিজ বাড়ির পাশের একটি কেন্দ্রে ভোট দেবেন।
হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশালের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।















