লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্যে প্রিয়াম অর্চি (ছবি: ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নেয়া)
অভিনেত্রী প্রিয়াম অর্চি অভিনীত দুটি চলচ্চিত্র লন্ডনের পৃথক দুই উৎসবে নির্বাচিত হলো। এগুলো হলো ‘নির্বাণ’ ও ‘দি আনএক্সপেক্টেড’। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘দেশলাই’ নামে তার আরেকটি ছবি।
লন্ডন বেঙ্গলি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘নির্বাণ’। গত ২৩ এপ্রিল সেন্ট্রাল লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির ব্লক প্রেক্ষাগৃহে এর প্রদর্শনীতে ছিলেন প্রিয়াম অর্চি। আগামী ৩ মে ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসবে দেবাশীষ ব্যানার্জি পরিচালিত ‘দি আনএক্সপেক্টেড’ ছবির প্রিমিয়ারে অংশ নেবেন তিনি। গত বছর যুক্তরাষ্ট্রের শিকাগোয় সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে এর আমেরিকান প্রিমিয়ার হয়। ছবিটির গল্প মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত একজন লেখককে ঘিরে। জীবনের শেষ বই লেখার চেষ্টা করছেন তিনি। সেই বইয়ের একটি চরিত্র হয়ে উঠে আসে এক তরুণী। প্রিয়ামকে দেখা যাবে এই চরিত্রে।
আসিফ ইসলাম পরিচালিত ‘নির্বাণ’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং ইউরোএশিয়া চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পেয়েছে। লন্ডন-বেঙ্গলি চলচ্চিত্র উৎসবে এর প্রদর্শনী প্রসঙ্গে প্রিয়াম অর্চি বলেন, ‘উৎসবে আমাদের ছবির প্রদর্শনী শেষে কয়েকটি অর্থবহ প্রশ্ন পেয়েছি। এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ভালোই হয়েছে।’
এদিকে গত বছরের ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিয়াটলে তাসভীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে ভারতের খ্যাতিমান নির্মাতা কিউ পরিচালিত ‘দেশলাই’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রিয়াম অর্চি। শিগগির এটি কলকাতা ও যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।
নিজের অভিনীত ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির প্রদর্শনী উপলক্ষে ভারতের গোয়া চলচ্চিত্র উৎসবে গিয়ে কিউয়ের সঙ্গে আলাপ হয় প্রিয়ামের। কলকাতার এই নির্মাতার প্রকৃত নাম কৌশিক মুখার্জি। ভারতের স্বাধীন ধারার নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম। ‘গান্ডু’, ‘তাসের দেশ’, ‘গার্বেজ’ তার উল্লেখযোগ্য কাজ। ২০২৩ সালে বাংলাদেশ ও ভারতে হয় ছবিটির শুটিং। সহ-প্রযোজনায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। গল্পের মূল চরিত্র জুয়েল একজন টিকটকার। তার ১৫ হাজার ফলোয়ার। সে হিরো হতে চায়। প্রিয়াম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন সিজু শাহরিয়ার, কাজী নওশাবা আহমেদ, সায়ন ঘোষ, অমিত রুদ্র, মুনসিফ মিম, রাহি আবদুল্লাহ। চিত্রনাট্য তৈরি করেছেন কিউ ও সুরজিত সেন।
প্রিয়াম অর্চি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। টেলিভিশন, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে বরাবরই ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। তার ভাষ্য, ‘আমি ব্যস্ত থাকতে চাই না, আমি প্রাসঙ্গিক থাকতে চাই। প্রতিটি কাজ আমার জন্য একটি যাত্রার অংশ, যেখানে আমি সময় নিয়ে চরিত্র ও গল্পের সঙ্গে সংযোগ তৈরি করি।’
২০২০ সাল থেকে ছয়টি ছবিতে কাজ করেছেন প্রিয়াম অর্চি। দক্ষিণ কোরিয়ায় বুসান চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস বিভাগে পুরস্কৃত হয়েছে তার অভিনীত ‘বলী’ (দ্য রেসলার)। ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালনায় এতে নাম ভূমিকায় দেখা গেছে নাসিরউদ্দিন খানকে।






