দেশব্যাপী পুলিশের অভিযানে ৩ মাসে গ্রেপ্তার ৩৯ হাজার

ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ৩ মাসে (১ মে থেকে ২৭ জুলাই) সারা দেশ থেকে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিপুলসংখ্যক গ্রেপ্তার ও বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধারের তথ্য জানানো হয়।
একই সময়ে অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৭২২ জন। এতে করে গত তিন মাসে বিশেষ অভিযান ও অন্যান্য মামলা মিলিয়ে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল তিন মাসে গ্রেপ্তারের পাশাপাশি ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলবার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান ও ১টি পেনগান।
এ ছাড়া অভিযানকালে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাজাঁসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসব মাদক উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২৪ হাজার ৮২১ জনকে।





