দেশের আট বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সংগৃহীত ছবি
সারা দেশে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগেই বিরাজ করতে পারে এই আবহাওয়া পরিস্থিতি। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের, কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।
এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের, কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের। এই সময়ে সারা দেশে সামান্য কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হতে পারে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি।
একইসঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো স্থানে দেওয়া হয়েছে মাঝারি ধরনের, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল সোমবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে এই পরিবর্তন দেখা দিচ্ছে। ঝড়-বৃষ্টির সময় বিশেষ করে নৌযান ও পথচারীদের দেওয়া হয়েছে সতর্ক থাকার পরামর্শ।

