মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫
বিনোদনের তারকাখচিত ২৭তম আসর

সংগৃহীত ছবি
গতকাল শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়েছে বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম প্রতীক্ষিত আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫’। শিল্পী, নির্মাতা এবং তারকাদের উপস্থিতিতে ২৭তম এ আসরটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণিল।
যত্ন ও আস্থার প্রতীক হিসেবে দেশে পরিচিত একটি ব্র্যান্ড মেরিল। প্রতি বছর জাতীয় দৈনিক প্রথম আলোর সঙ্গে যৌথভাবে এ আয়োজনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের কৃতী শিল্পীদের স্বীকৃতি জানিয়ে আসছে তারা। ২০২৫ সালে নিজেদের কাজের মাধ্যমে ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পেয়েছেন। দর্শকের ভোটে নির্বাচিত এবং জুরিদের মূল্যায়নে মনোনীত কৃতী শিল্পীদের হাতেই তুলে দেওয়া হয়েছে এবারের পুরস্কার।
অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ বলছিলেন, ‘এই আয়োজন শুধু পুরস্কার প্রদান নয়, বরং আমাদের সংস্কৃতি ও সৃজনশীল মানুষদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ ভবিষ্যতেও শিল্প ও বিনোদন অঙ্গনের বিকাশে রাখবে ভূমিকা।’
এবারের আসরের উপস্থাপনায় ছিলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও বুদ্ধিদীপ্ত সঞ্চালনা পুরো অনুষ্ঠান করে তুলেছিল আরও আকর্ষণীয়।
পুরস্কারের তালিকায় এ বছরের সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন আফরান নিশো, সেরা অভিনেত্রী তমা মির্জা এবং সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে সম্মাননা অর্জন করেছেন শাম্মি ইসলাম নীলা।
সন্ধ্যার সবচেয়ে আবেগঘন পর্ব ছিল আজীবন সম্মাননা প্রদান। ২০২৬ সালে এ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য অভিনেতা এম এ আলমগীর। এ সময় মঞ্চে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
এ ছাড়া, সংগীতে অসামান্য অবদানের জন্য দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমসকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
পুরস্কারের পাশাপাশি ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, যা পুরো আয়োজনকে করে তুলেছিল আরও প্রাণবন্ত এবং উপভোগ্য।
১৯৯৯ সালে যাত্রা শুরু করা এ আয়োজনটি দেশের বিনোদন অঙ্গনের একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। মেরিল ও প্রথম আলোর দীর্ঘদিনের এই যৌথ উদ্যোগ দেশীয় সংস্কৃতির ধারাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

