মেঘনা গ্রুপের কারখানায় সৌরবিদ্যুতে বিপ্লব
- উৎপাদনে আছে ৬৪ মেগাওয়াট, আরও ৪০ মেগাওয়াটের কাজ শুরু
- গ্রিডের অর্ধেকেরও কম উৎপাদন ব্যয়
- দিনে সাশ্রয় ১৫ লাখ টাকার বিল, ১৩০ টন কার্বন নিঃসরণ কমছে

ছবি: আগামীর সময়
কারখানার ছাদ আর শিল্পাঞ্চলের সড়ক বিভাজক এখন শুধু অবকাঠামো নয়; একেকটি বিদ্যুৎকেন্দ্র। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন কারখানার ছাদে এরই মধ্যে স্থাপন করা হয়েছে ৬৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা। শুরু হয়েছে আরও ৪০ মেগাওয়াটের কাজ। আগামী ফেব্রুয়ারি-মার্চে নতুন ধাপের উৎপাদন শুরু হলে সক্ষমতা ১০০ মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে আশা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের।
এখন পর্যন্ত বেসরকারি উদ্যোগে যেসব শিল্পপ্রতিষ্ঠান পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বড় সাফল্য দেখিয়েছে, তাদের মধ্যে মেঘনা গ্রুপ অন্যতম। সম্প্রতি নারায়ণগঞ্জে অবস্থিত মেঘনা ইকোনমিক জোন এবং মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে গিয়ে চোখে পড়ে তাদের এ বিশাল কর্মযজ্ঞ।
সরেজমিনে কথা হয় মেঘনা গ্রুপের মহাব্যবস্থাপক (বিদ্যুৎকেন্দ্র) কাজী রিয়াজুল হকের সঙ্গে। আগামীর সময়কে তিনি বলছিলেন, ২০২০ সালের জুলাইয়ে ২ মেগাওয়াট দিয়ে সৌরবিদ্যুৎ কর্মসূচির যাত্রা। ধাপে ধাপে তা ৬৪ মেগাওয়াটে পৌঁছেছে। আরও ৪০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে।
‘আশা করছি, ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এখান থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। আর পুরো কাজ শেষে মেঘনা গ্রুপের ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সক্ষমতা হবে প্রায় ১০৫ মেগাওয়াট। নতুন কিছু কারখানার শেড তৈরি হচ্ছে যেখানে সৌরবিদ্যুৎ সিস্টেম বসানোর পরিকল্পনা করা হচ্ছে’— যোগ করলেন কাজী রিয়াজুল।
নারায়ণগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় মেঘনা গ্রুপের যেসব কারখানা রয়েছে, সেখানকার ছাদ ও শিল্প এলাকার ভেতরে সড়ক বিভাজকের ওপর এসব সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হয়েছে। বছর জুড়ে আবহাওয়া বিবেচনায় বাংলাদেশে গড়ে দিনে সাড়ে চার ঘণ্টার পূর্ণ সক্ষমতার সূর্যালোক পাওয়া যায়। এ হিসাবে ৬৪ মেগাওয়াটের এই সোলার সিস্টেম থেকে দিনে গড়ে দুই লাখ ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করছে মেঘনা গ্রুপ।
সরকারি হিসাবে দেশে তেল, গ্যাস ও কয়লা থেকে প্রতি মেগাওয়াট আওয়ার (১ হাজার ইউনিট) বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় শূন্য দশমিক ৬২ টন ক্ষতিকর কার্বন নিঃসরণ হয়। সেই হিসাবে দিনে অন্তত ১৩০ টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে সহায়তা করছে মেঘনা গ্রুপের এ উদ্যোগ। ধাপে ধাপে ব্যক্তিগত গাড়ি ও বাণিজ্যিক যানবাহনকে বৈদ্যুতিক যানে রূপান্তর করছে প্রতিষ্ঠানটি।
কাজী রিয়াজুল হক বললেন, ‘আমাদের কারখানায় এখন গ্রিড থেকে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য দিতে হচ্ছে ১২ টাকা ৮৫ পয়সা, সেখানে সৌরবিদ্যুতে পড়ছে ৫-৬ টাকা। সৌরবিদ্যুতে এককালীন যে বিনিয়োগ, তা চার থেকে সাড়ে চার বছরের মধ্যে উঠে আসে। এরপর রক্ষণাবেক্ষণ বাবদ নামমাত্র কিছু ব্যয় করে আরও ২০-২৫ বছর অনায়াসে এখান থেকে বিদ্যুৎ পাওয়া যায়।’
প্রতি ইউনিট বিদ্যুতে গড়ে ৭ টাকা সাশ্রয় বিবেচনা করলে মেঘনা গ্রুপের বর্তমানে যে সোলার সিস্টেম রয়েছে, তাতে দিনে কমবেশি ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানির দাম, সরবরাহে অস্থিরতাসহ নানা কারণে গ্রিড বিদ্যুতের দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে। তখন আরও বেশি সাশ্রয় হবে।
মেঘনা গ্রুপের সৌরবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান জানালেন, সোলার সিস্টেম থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয়, তাতে বর্তমানে কারখানার ৩০ শতাংশ চাহিদা পূরণ হয়। আর ২৪ ঘণ্টার হিসাবে এটি ৫ শতাংশের মতো।



