যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না : শিক্ষামন্ত্রী

এহছানুল হক মিলন—ফাইল ছবি
শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, ‘যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব।’
আজ শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলছিলেন, এনটিআরসিএর বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যার সমাধান আমরাই করব। আমরা সেসব সমস্যা সমাধানের জন্যই কাজ করে যাচ্ছি। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য প্রতিটি মুহূর্তে আপ্রাণ চেষ্টা করছি।
গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে। বর্তমান সরকার এখন আর শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নেই। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’
মন্ত্রী আরও বললেন, ‘বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।



