ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স-মেক্সিকোর উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো। ছবি: সংগৃহীত
গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ। এ ছাড়া আন্তর্জাতিক সংকট মোকাবিলায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান এ অঙ্গীকার ব্যক্ত করেন।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসও তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে একই বিবৃতি।
এতে বলা হয়, বৈঠকে জাতিসংঘে কার্যকর বহুপক্ষীয় ব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক সংকট মোকাবিলায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন দুই মন্ত্রী। এ সময় ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর উদ্যোগ এগিয়ে নিতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতার কারণে গুরুতর অপরাধ ও মানবিক সংকট মোকাবিলায় অনেক সময় আন্তর্জাতিক পদক্ষেপ বাধাগ্রস্ত হয়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে গণনৃশংসতার ঘটনায় ভেটো ক্ষমতার ব্যবহার সীমিত করার উদ্যোগ নিয়েছে ফ্রান্স ও মেক্সিকো।
বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।
মিয়ানমারে নিপীড়ন ও সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসন এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের দায়িত্ব পালনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।
বৈঠকে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম এ তালহা, প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
চলতি বছরের ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।




