তিন মাসে ফুটেছে ১২১ ককটেল, আরও সতর্ক পুলিশ
- ঢাকা মহানগরে ৩ মাসে ১৬ বাসে আগুন
- ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ নেতাকর্মী

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীসহ সারা দেশে নাশকতার ঘটনায় বাড়তি সতর্কতা ও টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরও থামছে না ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। দিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রাত নামলেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে নাশকতার আতঙ্ক।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত তিন মাসে সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ঢাকায় ১২১টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ১০৭টি, গ্রেপ্তার হয়েছে ১৯৬ জন। বাসে আগুন দেওয়ার ঘটনা ১৬টি, মামলা হয়েছে ১৭টি, গ্রেপ্তার ৭১ জন। সবচেয়ে বেশি ককটেল ও বাসে আগুনের ঘটনা ঘটেছে চলতি মাসে।
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দিনের তুলনায় রাতে এসব ঘটনা বেশি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় শুধু টহল ও গ্রেপ্তার অভিযান যথেষ্ট নয়; নাশকতার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা এবং বাস্তবায়নকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্কতার কথা উল্লেখ করেন।
রাজধানীতে ১৫০ চেকপোস্ট, অতিরিক্ত ১৫ হাজার পুলিশ
রাজধানীতে স্বাভাবিক সময়ের তুলনায় বসানো হয়েছে ১৫০টি অতিরিক্ত চেকপোস্ট। থানা পুলিশের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ডিএমপিতে।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন আগামীর সময়কে বলেছেন, ‘নাশকতা ঠেকাতে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। মোবাইল পার্টিগুলো সক্রিয় করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার আগেই জড়িতদের ধরে ফেলা যায়।’
নাশকতা করে কেউ যাতে পার না পায় সে বিষয়ে পুলিশ সতর্ক উল্লেখ করে তিনি বলেন, ‘জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতা ঘটাচ্ছে। এসব ঘটনায় অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।’
ঢাকায় দুই কেজি গানপাউডারসহ গ্রেপ্তার ৩
রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার ঘটনার মধ্যেই গতকাল দুই কেজির বেশি গানপাউডারসহ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সভাপতি এবং যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুন (৫০), যুবলীগ নেত্রী মেঘলা মিলি (৪১) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন, এ ঘটনায় একজন কেন্দ্রীয় নেতাও জড়িত। তাদের উদ্দেশ্য ছিল, এই গানপাউডার ব্যবহার করে নাশকতা চালানো।
ওই নেতা বিদেশে রয়েছেন জানালেও তার পরিচয় প্রকাশ করেননি এই ডিবি কর্মকর্তা।
নাশকতা ঠেকাতে মাঠে এসআরবিও
পুলিশের পাশাপাশি নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নসহ (এসআরবি) বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তারা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী আগামীর সময়কে বলেন, ‘রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনাগুলো এসআরবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’
এ ধরনের ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো, সন্দেহভাজনদের শনাক্তকরণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রাত হলেই ককটেল, আগুন
০৯ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭১ নেতাকর্মী গ্রেপ্তার
গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিএমপি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছে, বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পলাতক নেতারা নাশকতার ঘটনায় অর্থায়ন করছেন। নির্দেশনা দিচ্ছেন অনলাইনে। দেশে থাকা কর্মীরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন।
আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব নাশকতা চালানো হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
আইনি ব্যবস্থা
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামারুম মুনিরা আগামীর সময়কে বলেছেন, ‘নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনায়, জননিরাপত্তা বিঘ্নিত করে, নাশকতা ঘটায় বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে— তা হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।’
দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করবে উল্লেখ করে তিনি বলেন, ‘কর্মসূচি কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি থাকবে। জনগণের জানমাল ও সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক থাকবে।’ এ ছাড়া কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সচেতন থাকার কথা জানিয়েছেন তিনি।




