আওয়ামী আমলের মানবতাবিরোধী অপরাধ নিয়ে জেলায় জেলায় গণশুনানি

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম
বিগত আওয়ামী লীগ সরকারের (২০০৯-২৪) শাসনামলে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারসহ মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সারা দেশে জেলায় জেলায় গণশুনানি করবে সরকার। আগামী সপ্তাহে যশোর অথবা অন্য কোনো জেলা থেকে এ কার্যক্রম শুরু হতে পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আগামীর সময়কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব মানবতাবিরোধী অপরাধ, যেমন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, সেসব বিষয়ে আমরা সারা দেশে গণশুনানির আয়োজন করতে যাচ্ছি।’
সরকারেরও এ বিষয়ে সম্মতি রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার যৌথ উদ্যোগে প্রতিটি জেলায় এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
তিনি জানান, গণশুনানিতে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট তথ্য আদালতে উপস্থাপন করা হবে। কোনো অপরাধী নিজ এলাকায় অবস্থান করছেন বলে শনাক্ত হলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কোনো মামলা দায়েরের পর তদন্তাধীন থাকলে সেটিও নজরদারিতে নেওয়া হবে।
স্থানীয়ভাবে বিচারযোগ্য কোনো অপরাধের বিষয়ে গণশুনানিতে তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
চিফ প্রসিকিউটর জানান, প্রতিটি গণশুনানির জন্য প্রসিকিউশন টিমের জ্যেষ্ঠ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কো-অর্ডিনেটরের নেতৃত্বে কমপক্ষে ১০ সদস্যের একটি দল কাজ করবে।




