Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নারীস্বাস্থ্যে টেকসই বিনিয়োগে বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান ডা. জুবাইদার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৯:২১
নারীস্বাস্থ্যে টেকসই বিনিয়োগে বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান ডা. জুবাইদার

নারীস্বাস্থ্যসেবার উন্নয়নে টেকসই বিনিয়োগ, উদ্ভাবনী অর্থায়ন ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নারীর স্বাস্থ্যে বিনিয়োগ শুধু স্বাস্থ্যসেবা খাতের ব্যয় নয়, বরং মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর বিনিয়োগ।

আজ সোমবার জার্মানির রাজধানী বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের উচ্চপর্যায়ের এক অধিবেশনে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান। ‘দ্য মোমেন্ট ইজ নাউ: আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেন্স হেলথ বিয়ন্ড এইড’ শীর্ষক অধিবেশনে নারীস্বাস্থ্যসেবার উন্নয়ন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫১ শতাংশ নারী। তাই নারীর স্বাস্থ্যে বিনিয়োগের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথ সুগম হবে।

তিনি আরও বলেন, প্রচলিত উন্নয়ন সহায়তা দিয়ে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন উদ্ভাবনী অর্থায়ন, জাতীয় পর্যায়ে অঙ্গীকার, সহজ শর্তে বিনিয়োগ, অনুদানভিত্তিক কারিগরি সহায়তা এবং টেকসই অভ্যন্তরীণ সম্পদের সমন্বয়।

বাংলাদেশ সরকারের নারীস্বাস্থ্য উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে জুবাইদা রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নারীর স্বাস্থ্যে রূপান্তরমূলক বিনিয়োগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এ উদ্যোগ শুধু মাতৃস্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি মেয়েশিশু যেন শিক্ষা, পুষ্টি ও ক্ষমতায়নের সুযোগ নিয়ে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করাও সরকারের লক্ষ্য।

তিনি জানান, কিশোরীদের রক্তস্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের মধ্যে প্রাণঘাতী ক্যানসারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় সরকার কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ নারীদের উন্নত ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

জুবাইদা রহমানের ভাষ্য, এসব উদ্যোগ বিচ্ছিন্ন কোনো কর্মসূচি নয়। বরং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী লাখ লাখ নারীর জীবনচক্রজুড়ে নেওয়া পরস্পরসম্পর্কিত বিনিয়োগ। সরকারের লক্ষ্য এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, যেখানে কিশোরী ও নারীরা সহজে স্বাস্থ্যসেবা পাবেন, তাদের মর্যাদা সুরক্ষিত থাকবে এবং বাড়ির কাছেই প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হবে।

নারীর ক্ষমতায়নে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন এবং পরিবারের স্বাস্থ্য ও কল্যাণের উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়, এ বিষয়টি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন। গ্রামীণ উন্নয়ন, পরিবার পরিকল্পনা, জনগণের অংশগ্রহণ ও নারীর ক্ষমতায়নের ওপর তাঁর গুরুত্বারোপ বাংলাদেশের সামাজিক উন্নয়নের ভিত্তি গঠনে সহায়তা করেছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নারী উন্নয়নবিষয়ক উদ্যোগের কথাও তুলে ধরেন জুবাইদা রহমান। তিনি বলেন, মেয়েদের শিক্ষা ও নারীর ক্ষমতায়নে খালেদা জিয়ার দৃঢ় অবস্থান ছিল। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি চালুসহ মেয়েদের শিক্ষার প্রসারে তার সরকারের উদ্যোগ প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

জুবাইদা রহমান বলেন, একজন শিক্ষিত, সুস্থ ও ক্ষমতায়িত নারীই একটি শক্তিশালী পরিবার এবং সমৃদ্ধ জাতির ভিত্তি।

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা জোরদারে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, দেশজুড়ে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এক লাখ কমিউনিটি ও কল্যাণকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। তাদের প্রায় ৮০ শতাংশই হবেন নারী। পাশাপাশি ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এসব উদ্যোগের লক্ষ্য নিরাপদ স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা, অপ্রয়োজনীয় চিকিৎসা হস্তক্ষেপ কমানো এবং প্রত্যেক নারীকে দক্ষ ও সহানুভূতিশীল মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা দেওয়া। দেশের কোনো প্রান্তের নারীকে প্রয়োজনীয় সমন্বিত মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা পেতে নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা হাসপাতালের বাইরে যেতে হবে না, এমন একটি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

নারীস্বাস্থ্য উন্নয়নে আন্তর্জাতিক অংশীদার, উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জুবাইদা রহমান বলেন, রাজনৈতিক অঙ্গীকার, উদ্ভাবনী অর্থায়ন ও আন্তর্জাতিক অংশীদারত্বের সমন্বয়ে বাংলাদেশ নারীস্বাস্থ্যের উন্নয়নে কার্যকর পরিবর্তন আনতে পারবে।

বক্তব্যের শুরুতে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি মেয়েশিশুর নিরাপদ শৈশব, প্রতিটি মায়ের নিরাপদে সন্তান জন্ম দেওয়ার অধিকার এবং গ্রাম ও শহরের প্রতিটি নারীর দীর্ঘ ও উৎপাদনশীল জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে নারীস্বাস্থ্য উদ্যোগে ব্যবহারের জন্য ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ২৫ কোটি ইউরোর একটি সার্বভৌম ঋণ পুনর্বিন্যাসের চুক্তি ঘোষিত হয়েছে। এ উদ্যোগের আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীকে স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে ইউএনএফপিএ।

অধিবেশনে ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতা, ঘানার স্বাস্থ্যমন্ত্রী কোয়াবেনা মিনতাহ আকানদোহ, ইআইবির ভাইস প্রেসিডেন্ট মারেক মোরা, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের বির্গিট পিকেল এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সম্মেলনের পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিদল টেকসই স্বাস্থ্য অর্থায়ন এবং মিডওয়াইফারি খাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা নিয়ে আলোচনায় অংশ নেয়। এ ছাড়া নারীস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবায় সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদল। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল বায়ার, রোশে, বার্লিন ইনস্টিটিউট অব হেলথ এবং শারিতে ইউনিভার্সিটেটসমেডিজিন বার্লিন।

ডা. জুবাইদা রহমানপ্রেসিডেন্টপ্রধানমন্ত্রীতারেক রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি