রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে সিপিবির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শুক্রবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
বিবৃতিতে সিপিবির নেতারা উল্লেখ করেন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন সজ্জন, সদালাপী ও সংগ্রামী রাজনীতিবিদ নির্বাচিত হয়েছেন। দলীয় রাজনৈতিক পরিচয় ও স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি সংবিধান ও জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা।
তারা আশা প্রকাশ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, আইনের শাসন ও নাগরিক অধিকার সমুন্নত রাখা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
বিবৃতিতে সিপিবির নেতারা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।






