সম্ভাবনাময় ব্লু ইকোনমি নিয়ে আশাবাদী সরকার

বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতির (ব্লু ইকোনমি) বর্তমান অবস্থা, অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ খাতের অবদান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আজ সোমবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এতে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে মূল উপস্থাপনা করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান কমোডর শেখ মাহমুদুল হাসান (অব.)।
উপস্থাপনায় বাংলাদেশের ব্লু ইকোনমির বিভিন্ন খাতের বর্তমান পরিস্থিতি, অগ্রগতি ও সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়। এর মধ্যে সামুদ্রিক মৎস্য ও মেরিকালচার (সামুদ্রিক চাষ), বন্দর ও নৌপরিবহন, সমুদ্রভিত্তিক জ্বালানি, উপকূলীয় পর্যটন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়।
ব্রিফিংয়ে বক্তারা বলেন, সমুদ্রসম্পদের টেকসই ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করা সম্ভব। এজন্য সমুদ্রভিত্তিক বিভিন্ন খাতে বিনিয়োগ, গবেষণা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্লু ইকোনমির অবদান বাড়ানো এবং সম্ভাবনাময় এ খাতকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।





