নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন
দক্ষিণ-পূর্ব এশিয়া মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ শুক্রবার ম্যানিলায় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী চক্রাকার অর্থনীতি, বৈধ অভিবাসন, ব-দ্বীপ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. রহমান নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা পেতে বিলম্ব এবং ক্রমবর্ধমান হারে তা প্রত্যাখ্যানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশিদের অ্যাপোস্টিল নথি প্রত্যাহারের অনুরোধ জানান। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী একটি সন্তোষজনক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।




